বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০২০

চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নির্ঘুম প্রচারণা


আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে চলছে প্রার্থীদের নির্ঘুম প্রচারণা। নির্বাচনের বাকি আছে মাত্র ৬দিন। পৌরসভার মেয়র, ১৫টি ওয়ার্ডের ১৫জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন নারী কাউন্সিলরসহ মোট ২১টি পদে ৬৭ জন প্রার্থী চূড়ান্ত ভোট যুদ্ধে নেমেছেন। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে ।

প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতি ফুলঝুড়ি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

নির্বাচনে মেয়র পদে ৩জন ১৫টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন আর নারী কাউন্সিলর ৫টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৪ জন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আক্তার হোসেন মাঝে (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ বেলাল (হাতপাখা)।

সকল প্রার্থীরা এখন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। মহামারী করোনার কথা ভুলে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন চাঁদপুর পৌর নির্বাচন।

প্রত্যাশার চেয়ে বেশি জমজমাট হয়ে উঠেছে চাঁদপুর পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা। সর্বত্র ছেয়ে গেছে ব্যানার আর ফেস্টুনে।

চাঁদপুর পৌরসভার ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ২৭জন। মহিলা ভোটার ৫৮ হাজার ৮শ'৫৯ জন। ১৫টি ওয়ার্ডে ভোট কেন্দ্র রয়েছে ৫২ টি।

গত ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান ভূইয়া আকস্মিক মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করা হয়। ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করা হয়।

পূন:তফসিল অনুযায়ী আগামী ১০ অক্টোবর নির্বাচনের তারিখ চূড়ান্ত করে নির্বাচন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১