বাংলাদেশের খবর

আপডেট : ০৫ October ২০২০

বিবস্ত্র করে গৃহবধূকে নির্যাতন: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪


নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, মামলার আরেক আসামি দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার (৫ অক্টোবর) সকালে র‌্যাব সদর দপ্তর থেকে গণমাধ‌্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ‌্য জানানো হয়।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ১টার দিকে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নয়জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বেগমগঞ্জ থেকে আরো দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার অপর দুই আসামি হলেন- মো. রহিম (২৫) ও মো. রহমত উল্যাহ (৩৮)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ৫টি ইউনিট ৭ ঘণ্টা অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।

ভুক্তভোগী গৃহবধূর বাবা জানান, আমরা নিরীহ লোক। সন্ত্রাসীদের ভয়ে কোনো কথা বলার সাহস পাই না। আমি শুধু আল্লাহর কাছে বিচার চাই।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। অভিযুক্তদের গ্রেপ্তারে এবং নির্যাতিতা পরিবারকে আইনি সহযোগিতা দিতে জেলা পুলিশের ৫টি ইউনিট মাঠে কাজ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১