আপডেট : ০৬ October ২০২০
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন জমে উঠেছে। আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে আ’লীগের ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী লড়াই হবে মূলত দ্বিমুখী। তবে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহন করেনি। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন-আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের স.ম মোরশেদ আলী ও দুই বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল প্রতীকের আব্দুর রউফ সরদার। ও আনারস প্রতীকের নেছার আলি। স.ম মোরশেদ আলি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। পরিচিতি ও নেতৃত্বদানের দিক থেকে তিনি শীর্ষে অবস্থান করছেন, তা সহজেই বলা যায়। তার মূল প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ সরদার সদ্য প্রয়াত ওই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের সহোদর ভাই। তবে ইউনিয়ন পরিষদের মতো জনসেবামূলক পরিমন্ডলে কার্যত তিনি নতুন মুখ। তার ক্ষেত্রে প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদের ইমেজ একটা বড় ফ্যাক্টর বলে মনে করেন তার সমর্থকেরা। আর নেছার আলি প্রার্থী হিসেবে নতুন। গত ৪ অক্টোবর এই চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস। উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, আগামী ২০ অক্টোবর এই উপ-নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ৮ হাজার ৭৬১ ও মহিলা ৮ হাজার ৬৮৪ জন। নৌকার প্রার্থী স.ম মোরশেদ আলী বলেন, আমি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান থাকা কালীন ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি। জনগন আমার দ্বারা কোন হয়রানীর শিকার হয়নি। জননেত্রী শেখ হাসিনা আমার নৌকা প্রতীক দিয়েছেন। তাই জনগন আমাকে সমর্থন দিবে। আমি ইনশাল্লাহ এ উপ নির্বাচনে জয়লাভ করব। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রউফ সরদার বলেন, অবাধ,সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি অবশ্যই জয়লাভ করব ইনশাল্লাহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও পর্যন্ত আমার কোন ভোটার ভয়ভীতির শিকার হয়নি। বাকি দিনগুলো এভাবে থাকলে কোন সমস্যা হবে না। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করার কারণ জানতে চাইলে,উপজেলা বিএনপি’র সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইচউদ্দীন জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে ঘোষনা দিয়েছেন আগামী মার্চ মাস থেকে সারা দেশে ইউপি নির্বাচন শুরু। তিন মাস পরে ওই নির্বাচনের তফসিল ঘোষনা হবে। বিধায় এই কয়েক মাসের জন্য বিএনপি এ উপনির্বাচনে অংশ গ্রহন করেনি। উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন কেরালকাতা ইউনিয়নের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনপ্রিয় জননেতা আলহাজ্ব আব্দুল হামিদ সরদার। এরপর ইউনিয়নটির চেয়ারম্যান পদ শুন্য হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১