বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০২০

আখাউড়ায় ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু


এক সময় মানুষ ভাতের বিকল্প হিসেবে আলুর কথা খুব ভাবতো। লোকমুখে একটি প্রবাদ ছিল 'ভাতের পরিবর্তে আলু খান ভাতের ওপর চাপ কমান’। কিন্তু আর যেন সেই অবস্থা নেই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সর্বত্র হাট বাজারে আলুর দাম বৃদ্ধি পেয়ে রেকর্ড সৃষ্টি করেছে। ২০ থেকে ২৫ টাকা কেজির আলু বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। যা অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুনের ও বেশী। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের লোকজন।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, অতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যার কারণে সবজি নষ্ট হয়ে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বাজারে আলু ও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে।

খাদ্যমান ও পুষ্টিগুণের দিক থেকে আলুর কদর অনেক বেশি। আলুতে প্রচুর পরিমাণে কার্বহাইড্রেট রয়েছে। আলুর সাহায্যে নানা ধরনের মুখরোচক খাবার তৈরি হয়। তরকারিতে আলু একটি অপরিহার্য পণ্য। গোল আলু এমন একটি পণ্য যা সবজি হিসেবে ব্যবহৃত হয়। আবার ডালজাতীয় পণ্য হিসেবেও ব্যবহৃত হয়। এমনকি সব ধরনের মাছ, মাংস ও সবজি রান্নার ক্ষেত্রেও গোল আলু ব্যবহার হয়। ফলে সারা বছর গোল আলুর চাহিদা থাকে। কিন্তু সরবরাহ কম থাকায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে।

কিন্তু বছরব্যাপী আলু চাষ হয় না। একটি নিদ্দিষ্ট সময়ে আলু চাষ হয়ে থাকে। পরে বড় ব্যবসায়ীরা হিমাগারে রেখে তা বিক্রি করছেন।

সড়ক বাজারের খুচরা ব্যবসায়ী লোকমান মিয়া বলেন বাজারে আলুর যে পরিমাণ চাহিদা আছে, সরবরাহ তার তুলনায় কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে ১ বস্তা আলু ১৭শ টাকায় কেনা হতো বর্তমানে ২৭শ টাকায় কেনা হয়। তাই বিক্রিও দাম  বাড়িয়ে করতে হয়। সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমে আসবে।

রিকশা চালক ফিরোজ মিয়া বলেন, গরিব মানুষের ভরসা ছিল আলু আর ডাল। কিন্তু সেই আলু রয়েছে নাগালের বাইরে। যে টাকা আয় হয় তা দিয়ে এখন আর আলু কেনা যায় না।

ক্ষুদ্র ব্যবসায়ী নেসার উদ্দিন বলেন, আগে চাল নিয়ে চিন্তা ছিল। এখন ব্যতিক্রম হয়ে গেছে। চাল থেকে আলুর দাম বেশী থাকায় দু’বেলা খাবার খাওয়া আমাদের মতো স্বল্প আয়ের লোকদের খুবই কষ্ট হচ্ছে।

অটোরিকশা চালক মো. আলমাস বলেন অটোরিকশা চালিয়ে আগের মতো আয় হয় না। বাজারে বেশিরভাগ সবজির দাম বৃদ্ধি পাওয়ায় আলু ছিল ভরসা। কিন্তু এখন সেই আলুর দামও বেড়ে গেল। সব মিলিয়ে বাজার খরচ নিয়ে বেশ চিন্তায় আছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১