বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০২০

পটুয়াখালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৫


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে পানপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে চালকসহ ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২২শে অক্টোবর) বিকেলে উপজেলার আগুনমুখা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।

ওই স্পিডবোটে থাকা যাত্রীরা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিকেল সাড়ে ৪টায় উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে ১৭জন যাত্রীসহ আহম্মেদ এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি স্পিডবোট গলাচিপার পানপট্টির উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে আগুনমুখা নদীর মাঝখানে ঢেউয়ের তোড়ে তলা ফেটে ১৭ যাত্রী এবং একজন চালকসহ স্পিডবোটটি তলিয়ে যায়।

পরে দেড় ঘণ্টা পর দুইটি স্পিডবোট উদ্ধার অভিযান চালিয়ে চালকসহ ১৩ জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান স্পিডবোট মালিক কর্তৃপক্ষ।

উদ্ধার হওয়া একাধিক যাত্রী জানান, আমরা বার বার চালককে স্পিডবোট ঘুরিয়ে ঘাটে নিয়ে আসতে বলেছি। কিন্তু সে আমাদের কথা শোনেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ১৭ জন যাত্রী নিয়ে স্পিডবোট ছাড়ার কথা নয়। বৈরী আবহাওয়ার মধ্যে স্পিডবোট ছাড়াও ঠিক হয়নি। আমি ঘাটে এসেছি, খোঁজ খবর নিচ্ছি।

এ বিষয়ে পটুয়াখালী বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক কাজা সাদিকুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে স্পিডবোট চালানোর অভিযোগে সংশ্লিষ্ট কোম্পানির নামে মামলা দায়ের করা হবে। এছাড়া তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের রুট পারমিটও বাতিল করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১