বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০২০

আখাউড়ায় সম্ভাব্য দুই মেয়র প্রার্থীর পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করার নিয়ম রয়েছে। ইতোমধ্যে পৌর নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় হাওয়া বইতে শুরু করেছে। এ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন- বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক মেয়র মো. নূরুল হক ভূইয়া ও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য মো. মোবারক হোসেন রতন। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা পাড়া মহল্লার বিশিষ্ট জনের সাথে যোগাযোগ রক্ষাসহ মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে সম্ভাব্য মেয়র দুই প্রার্থী নুরুল হক ভুইয়া ও মোবারক হোসেন রতনের সাঁটানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য দেশের আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের ছবি সম্বলিত পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে।

সোমবার রাতের আধাঁরে পৌর এলাকার বিভিন্ন স্থানে কে বা কারা অন্তত ১৫টি ব্যানার ও অর্ধশতাধিক পোস্টার ছিঁড়ে ফেলে। এ ঘটনায় প্রার্থী ও তার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। পৌর নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা জানিয়ে এলাকায় বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার সাটিয়েছে ছিলেন। এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে।

মেয়র প্রার্থী মোবারক হোসেন রতন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার রাতের আধাঁরে কে বা কারা ছিঁড়ে ফেলেছে। এ ঘটনায় মঙ্গলবার আখাউড়া থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে বলে জানায়।

নুরুল হক ভুইয়া বলেন, দেবগ্রাম ও দূর্গাপুরসহ বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী ব্যানার সাটিয়ে ছিলাম। কিন্তু রাতের আধাঁরে কে বা কারা ছিড়ে ফেলেছে।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, পোস্টার-ব্যানার ছেঁড়ার ঘটনাটি পুলিশ প্রশাসন দেখার বিষয় নয়। যেহেতু এটি প্রাক-নির্বাচনী ঘটনা তাই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের আওতাধীন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১