বাংলাদেশের খবর

আপডেট : ১০ November ২০২০

জিকে শামীমসহ ৮ জনের বিচার শুরু


গুলশান থানায় দায়ের করা মানিলন্ডারিং মামলায় যুবলীগ নেতা এসএম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) এবং তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলাটির বিচার শুরু হলো।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকা মহানগর আদালতের জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বদলি করেন।

গত ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (ইকোনমিক ক্রাইম স্কোয়াড) আবু সাঈদ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়।

২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১-এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধ আইনে মামলাটি করেন।

২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে র‌্যাব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১