বাংলাদেশের খবর

আপডেট : ১২ November ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

কারচুপির মিথ্যা গল্প ফেঁদেছিলেন ডাককর্মী


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরে ব্যালটে পুরনো তারিখ বসিয়ে সেগুলো ডাকযোগে পাঠানো হয়েছে। পেনসিলভানিয়ার এরির একজন ডাককর্মী স্বাক্ষরিত এক অ্যাফিডেভিটের মাধ্যমে এমন অভিযোগ করেছিল।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অ্যাফিডেভিট নিয়ে কংগ্রেসে নালিশ করেছিলেন। তবে মার্কিন ডাক বিভাগের তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে রিচার্ড হপকিন্স নামের ওই ডাককর্মী স্বীকার করেছেন যে তিনি মিথ্যা গল্প ফেঁদেছিলেন। এ বিষয়টি অবগত এমন তিনজন ব্যক্তি গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছে।

ভোট জালিয়াতির অভিযোগ তুলে নিজের দাবির সপক্ষে একটি অ্যাফিডেভিটে সই করেন হপকিন্স। তিনি বলেন, ঊর্ধ্বতন  কর্মকর্তারা এ ধরনের আদেশ করেছেন বলে তিনি শুনেছেন। ডানপন্থি গ্রুপ প্রজেক্ট ভেরিটাস হপকিন্সের দাবির বিষয়টি প্রকাশ্যে আনে। নির্বাচনে এখনো পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রচার শিবিরের অভিযোগ নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নিজেদের দাবির সপক্ষে তারা হপকিন্সের এই অ্যাফিডেভিট কংগ্রেসে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামকে দিয়েছেন। পরে এসব অভিযোগের বিষয়ে বিচার বিভাগ ও এফবিআইকে চিঠি লিখেছেন গ্রাহাম এবং এর তদন্ত করার দাবি জানান তিনি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত শুক্রবার হপকিন্সকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হয়। গত রোববার তদন্তকারীদের হপকিন্স জানান, তিনি পুরো বিষয়টি বানিয়ে বলেছেন এবং নিজের অভিযোগ প্রত্যাহারও করে নিয়েছেন। পরে মঙ্গলবার হাউস ওভারসাইট কমিটি টুইট করে জানিয়েছে, কী কারণে হপকিন্স এমন অভিযোগ করেছিলেন তা জানাননি তিনি।

ফেসবুকে এক পোস্টে এরির পোস্ট মাস্টার রব উইসেনবাচ বলেছেন, হপকিন্সের দাবি ‘শতভাগ মিথ্যা’ এবং সম্প্রতি তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল। এরি পোস্ট অফিস কোনো ব্যালটে পুরনো তারিখ বসায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১