বাংলাদেশের খবর

আপডেট : ০২ December ২০২০

সখীপুরে বিএনপি নেতার ছেলেকে যুবলীগের সাধারণ সম্পাদক করায় ক্ষুব্দ নেতাকর্মীরা 


টাঙ্গাইলের সখীপুরে এক বিএনপি নেতার ছেলেকে যুবলীগের সাধারণ সম্পাদক মনোনীত করায় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ত্যাগী কর্মীরা পদ না পাওয়ায় তারা জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে মৌখিক অভিযোগও করেছেন।

জানা গেছে, গত ২২ নভেম্বর উপজেলার তক্তারচালা সবুজ বাংলা উচ্চবিদ্যালয় মাঠে হাতীবান্ধা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমানের ছেলে শহীদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিএনপি নেতার ছেলেকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলেন আল আমিন, শরীফুল ইসলাম ও লিয়াকত সিকদার।

তাদের একজন এ প্রতিবেদককে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কর্মী ছিলাম। এখন যুবলীগের কর্মী হিসেবে মাঠে-ময়দানে কাজ করছি। অথচ অজ্ঞাত কারণে ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলেকে যুবলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই।’

অবশ্য হাতীবান্ধা ইউনিয়ন যুবলীগের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক শহীদুর রহমান বলেন, ‘আমার বাবা তিন বছর আগে ওয়ার্ড বিএনপির সভাপতির পদ ছেড়ে দিয়ে উপজেলা তাঁতী লীগের সভাপতি হয়েছেন। এখন আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করি। আমি ছাত্রলীগ করেছি।’

হাতীবান্ধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মজিবর রহমান মুঠোফোনে বলেন, ‘আগে বিএনপি করেছি, এখন আমি তাঁতী লীগের উপজেলা কমিটির সভাপতি।’

জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু  বলেন, ‘মজিবর ভাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছেন। সর্বশেষ ২০১৭ সালের ১১ মার্চে অনুমোদিত কমিটিতে তিনি সভাপতি পদেই রয়েছেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন বলেন, ‘আমার জানা মতে উপজেলায় তাঁতী লীগের কোনো কমিটি নেই, অতীতেও ছিল না। অতএব মজিবর রহমান উপজেলা তাঁতী লীগের সভাপতি, এ কথা সত্য নয়।’

উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ ছবুর বলেন, বাবা বিএনপি করেন, এটা দোষের কিছু নয়। এ ছাড়া শহীদুর রহমান আগের কমিটিতেও যুবলীগের সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ-যুবলীগ করে আসছেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ‘সখীপুরের হাতীবান্ধা ইউনিয়ন যুবলীগের কমিটি নিয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১