আপডেট : ১২ December ২০২০
‘আমরা মানুষ ফাউন্ডেশন’ বাংলাদেশ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড অ্যাক্ট ফার্মস দ্বারা নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আদর্শের ওপর ভিত্তি করে সংগঠনটি গঠিত ও পরিচালিত। তরুণ প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। পাশাপাশি আর্তমানবতার সেবায় ‘আমরা মানুষ ফাউন্ডেশন’ কাজ করে যাচ্ছে। ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কারণ সংগঠনটির অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। ‘আমরা মানুষ ফাউন্ডেশন বিশ্বাস’ করে শিক্ষা মানুষের একটি জন্মগত মৌলিক অধিকার। প্রকল্পসমূহ মুক্তির ইতিহাস শোনো : আগামী বছর বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করতে চলেছে। এত বছর অতিক্রান্ত হওয়ার পরও বাংলাদেশের জনগণ এখনো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এ বিষয়ে অনেকাংশে অজ্ঞ। উপরন্তু বিভিন্ন সময়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে একটি মহল তাদের বিভ্রান্তিমূলক ইতিহাস ছড়ায়, যা বাংলাদেশের জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিভক্তির সৃষ্টি করে। মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে বিশেষ করে শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি ও বিভক্তি দূর করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’ আয়োজন করে চলছে ‘মুক্তির ইতিহাস শোনো’, যা একটি স্কুলভিত্তিক মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান। এটা এই প্রথম বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিটি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা প্রতিটি স্কুলে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং তাদের রণাঙ্গনের বীরত্বগাথা শিশুদের মাঝে তুলে ধরেন। সাথে থাকছে মহান মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী এবং ভিডিও প্রদর্শনী। শিশুদের অংশগ্রহণে থাকছে মুক্তিযুদ্ধের ওপর রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তরুণ প্রজন্ম বিশেষত শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং তাদের দেশপ্রেমিক প্রজন্ম হিসেবে গড়ে তোলাই আমাদের এই মহতী অনুষ্ঠানের মূল লক্ষ্য। মানবসেবায় অবদান রাখছে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’। এছাড়াও গেল ২০১৮ সালে এ টু আই’র জাতীয় উদ্ভাবনী মেলায় দেশের ৬৪টি জেলার শিক্ষার্থীর মাঝে মুক্তির আলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনো’ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে মুক্তিযোদ্ধারা তাদের নিজস্ব এলাকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশুদের মাঝে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের আন্দোলনের আগে ও পরে এবং দেশ স্বাধীনতা লাভের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রীতি ও আত্মত্যাগের ইতিহাসগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক নানান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাহায্য প্রদান : করোনা মোকাবিলায় দেশের লকডাউনে বহু পরিবার আটকা পড়ে যায়। আটকে আছে অনেক পরিবারের অর্থনৈতিক কাঠামো। আমরা মানুষ ফাউন্ডেশনের ভলেন্টিয়ারদের মাধ্যমে দেশের ৪টি জেলায় বহু পরিবারের মাঝে খাবার ও ইফতার তুলে দেয়ার চেষ্টা করেছে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’। এছাড়া রাস্তার নিরীহ পশুদের মাঝে খাবারের ব্যবস্থা করা হয়েছে। করোনায় লকডাউনের প্রথম দফায় ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। রমজান মাসে প্রায় ২০০ পরিবার ও পথনিবাসে থাকা মানুষদের মাঝে ইফতার প্রদান করা হয়। প্রায় ৩০ জন প্রতিবন্ধী মানুষের হাতে খাদ্যসামগ্রী ও ঢাকার বাইরে আরো ৩টি জেলায় প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া লকডাউনে ফোনকল পাওয়ার মাধ্যমে বহু পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। মানবসেবায় অবদান রাখছে আমরা মানুষ ফাউন্ডেশন-স্মাইল প্রজেক্ট : ক্ষুদ্র এই প্রয়াসের বলে স্মাইল প্রজেক্টের মাধ্যমে ২০ জন শিশুর পড়ালেখার দায়িত্ব নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ : প্রতি বছর শীতে ‘আমরা মানুষ ফাউন্ডেশনে’র মাধ্যমে দেশের দুর্গম ও শীতপ্রধান স্থানের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছর শীতে একটু উষ্ণ কাপড়ের জন্য মানুষ কাতরায়, তাদের পাশের দাঁড়ানোর জন্যে আমরা মানুষ ফাউন্ডেশনের ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা মানুষ ফাউন্ডেশন ২০১৭ সালে রাজশাহীর বাঘা উপজেলায় ৫০০ পরিবারের মাঝে শীতের উষ্ণ ভালোবাসা বিতরণ করে। ২০১৮ সালে কিশোরগঞ্জের হাওরের ১৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ২০১৯ সালে দিনাজপুরের রাণীঘাট ইউনিয়নের ১৫০০ পরিবারের মাঝে শীতের উষ্ণ ভালোবাসা নিয়ে উপস্থিত হয় আমরা মানুষ ফাউন্ডেশন। ২০২০ সালে রাঙামাটির গহীনতম একটি গ্রাম বন্দুক ভাঙ্গায় প্রায় ১০০০ পাহাড়ি মানুষের মাঝে শীতবস্ত্র ও খাগড়াছড়ি, দিনাজপুর, রংপুর, নোয়াখালী, কুমিল্লাসহ ঢাকার আশপাশের অনেক বস্তিতে প্রায় ৭ হাজার জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ : ২০১৭ সালে আমরা মানুষ ফাউন্ডেশন গঠিত হওয়ার পর থেকে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে একতাবদ্ধ হয়ে দুর্যোগ মোকাবিলা করার চেষ্টা করে আসছে। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, পাহাড়ধস এবং হাওরের বহু পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করে তাদের বিপর্যয় কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করে আসছে। মানবসেবায় অবদান রাখছে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’ : দেশে শেষ কয়েকটি ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের মানুষের মাঝে যত দ্রুত সম্ভব আমরা মানুষ ফাউন্ডেশনের টিম পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষকে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ নিয়ে পৌঁছে গেছে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের গহীনতম দুর্গম স্থান যেখানে মানুষ সেবা নিয়ে পৌঁছাতে পারে না, সেখানকার মানুষদের জন্য ঈদ আনন্দ বিতরণের জন্য গেছে। এছাড়াও দেশের সর্বত্র যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষ ফাউন্ডেশন টিম সর্বদা প্রস্তুত থাকে সেবা পৌঁছে দেওয়ার জন্য। ঈদ আনন্দ বিতরণ : প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় দেশের দুর্গম অঞ্চলগুলোতে অসচ্ছল পরিবারগুলোর মাঝে ঈদ আনন্দ বিতরণ কর্মসূচিতে এখন পর্যন্ত বহু পরিবারের মাঝে ঈদ আনন্দ বিতরণ করা হয়েছে। রাজশাহীর বাঘায় একজন মুক্তিযোদ্ধার আশ্রমে থাকা এতিম শিশু ও বৃদ্ধদের মাঝে ঈদ আনন্দ বিতরণ করা হয়েছে। কিশোরগঞ্জের হাওরে তিন বার ঈদের পোশাক ও খাবার সামগ্রী নিয়ে সেখানকার মানুষদের দেওয়া হয়েছে। এছাড়া প্রতিবারই ঢাকা ও ঢাকার আশপাশ এলাকার দুস্থ বহু মানুষকে ঈদের হাসি ফোটানোর জন্য ঈদের পোশাক ও খাবার বিতরণ করা হয়। মানবসেবায় অবদান রাখছে আমরা মানুষ ফাউন্ডেশন নারী কর্মসংস্থান প্রকল্প : ২০১৮ সালে আমরা মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত প্রকল্পে ২০ জন মহিলাকে নিয়ে নির্দিষ্ট প্রকল্পের আওতায় এনে তাদের প্রশিক্ষণ ও এরপর তাদের তৈরি কাঁথা, চাদরসহ নানান হস্তশিল্প দেশের ও দেশের বাইরে অনলাইনে বিক্রয়ের প্ল্যাটফরম তৈরি করে তাদের নিজেদের ও পরিবারে আর্থিক সচ্ছলতা তৈরি করছে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’। নাগরিক সচেতনতা কার্যক্রমে উৎসাহ প্রদান : রাস্তা পারাপারকারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার, রাস্তা পারাপার না করা, আশপাশের বসবাসের এলাকা ও রাস্তাঘাট নোংরা না করার জন্য উৎসাহ প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছে ‘আমরা মানুষ ফাউন্ডেশনে’র মাধ্যমে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১