আপডেট : ৩০ December ২০২০
যুক্তরাষ্ট্রেও প্রথমবারের মতো কোভিড-১৯ নতুন ধরণের ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা এর আগে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করা হয়। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একজন রোগীর শরীরে নতুন ধরণের এই ভাইরাসটি পাওয়া গেছে। বিশ বছর বয়সী এই আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক কোন ভ্রমণের ইতিহাস নেই। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, তারা এখন এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। সেই সঙ্গে এরকম আরও রোগী আছে কি না, সেটাও খুঁজে দেখছেন। নতুন ভাইরাস শনাক্তের ঘটনা ঘটলো এমন সময় যখন করোনাভাইরাসের টিকার বিলি বণ্টন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন। তিনি বলছেন, টিকা দেয়ার কার্যক্রম যথাযথভাবে হচ্ছে না। যুক্তরাষ্ট্রে এক কোটি ৯০ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। মঙ্গলবার একটি বিবৃতিতে কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস বলেছেন, ডেনভারের কাছাকাছি এলবার্ট কাউন্টিতে শনাক্ত ওই রোগীকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা ব্যাপক অনুসন্ধান করেছেন এখন পর্যন্ত তার কাছাকাছি আসা ব্যক্তিদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি। বিশ্বের বিভিন্ন দেশেই নতুন ধরনের এই করোনাভাইরাসের রোগী শনাক্ত হচ্ছে। এর আগে কানাডায় দুইজন রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। সূত্র: বিবিসি বাংলা
ধারণা করা হয় যে, করোনাভাইরাসের এই নতুন ধরনটি আগেরটির তুলনায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে সেটি আগের চেয়ে বেশি বিপজ্জনক নয় বলেই মনে করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১