বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০২০

বই উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


২০২১ শিক্ষাবর্ষের বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন।

প্রতিবছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন করেন সরকারপ্রধান। ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে ২৩ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে মাধ্যমিকের ১৪ জন এবং প্রাথমিক স্তরের ৯ জন শিক্ষার্থী রয়েছে। পরে সারাদেশে পর্যায়ক্রমে ১২ দিনে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে নিজ নিজ স্কুলে বই বিতরণ করা হবে। জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হলে ডিজিটাল মাধ্যমে ক্লাস চলবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রমের ব্যবস্থা করায় শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

শেখ হাসিনা আরও বলেন, আমরা বাংলাদেশকে উন্নত, দারিদ্রমুক্ত করে গড়ে তুলতে চাই। তাই আমরা শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। ২০১০ সালে থেকে আমরা বিনামূলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি।

বছরের শুরুতে নতুন বই হাতে পেলে শিক্ষার্থীদের যে আনন্দ হয়, তা থেকে শিক্ষার্থীরা যেন বঞ্চিত না হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সে জন্য আমরা বছরের প্রথম দিন থেকেই তাদের হাতে নতুন বই তুলে দিচ্ছি।

১ জানুয়ারি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বই বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তিনদিন করে মোট ১২ দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে। করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ১ জানুয়ারি বই উৎসব না হলেও বছরের শুরুতেই এসব শিক্ষার্থী বিনামূল্যে বই পাচ্ছে। এবার ছাপা হচ্ছে প্রায় ৩৫ কোটি বই।

ভিডিও কনফারেন্সে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি জানান, চলতি বছর ৩৪ কোটি ৩৬ লাখ বই বিনামূল্যে শিক্ষার্থীদের দেয়া হবে। তিনি করোনা নিয়ন্ত্রণে না আসায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১