বাংলাদেশের খবর

আপডেট : ০৯ January ২০২১

রাজপথে খোকন নামছেন তাপসের বিরুদ্ধে

ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি


রাজধানীর ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট-২-এর অবৈধ দোকান উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে এবার রাজপথে আন্দোলনে নামছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এবার ডিএসসিসির বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে সরাসরি রাজপথে নামার ঘোষণা দেন তিনি।

আজ শনিবার বেলা ১১টায় ডিএসসিসির ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট-২-এর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাইকোর্টস্থ কদম ফোয়ারার সামনে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেবেন সাবেক মেয়র সাঈদ খোকন।

সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম সুমনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকোর্টের কদম ফোয়ারার সামনে মানববন্ধন কর্মসূচির কথা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপারমার্কেট-২-এ নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এখন পর্যন্ত দুই-তৃতীয়াংশ দোকান উচ্ছেদ করেছে ডিএসসিসি।’

এদিকে মানববন্ধনের বিষয়ে ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গণমাধ্যমকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের অনুরোধে তিনি মানববন্ধনে অংশগ্রহণ করবেন। তাদের দাবি আদায়ে কথা বলবেন।’

সাঈদ খোকন আরো বলেন, ‘ওই মার্কেটে ৯১১টি দোকান অবৈধ বলার কোনো সুযোগ নেই। উচ্চ আদালতের নির্দেশে এবং করপোরেশনের বোর্ড সভার যথাযথ প্রক্রিয়ায় এসব দোকানের বৈধতা দেয়া হয়েছিল। প্রতিটি দোকানের বিপরীতে ট্রেড লাইসেন্স এবং নির্দিষ্ট পরিমাণ ভাড়া আদায় করেছে ডিএসসিসি।’

তিনি আরো বলেন, ‘কিন্তু কোনো কারণ ছাড়াই আইনের তোয়াক্কা না করে এই দোকানগুলো অবৈধভাবে ভেঙে দিতে নির্দেশ দিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। এতে সব হারিয়ে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছেন। বর্তমান মেয়র এসব দোকান ভেঙে দিয়ে

লক্ষাধিক দোকানি, কর্মচারীকে পথে বসিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের পুনর্বাসনের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেছে।’

ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট-২-এর দোকান বৈধতা দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত ২৯ ডিসেম্বর আদালতে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছেন ওই সুপার মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দেলু। এই মামলা এখন তদন্ত করছেন পুলিশের পিআইবি বিভাগের কর্মকর্তারা।

এই মামলার বিষয়ে সাঈদ খোকন বলেন, ‘সবাই বলে, শেখ তাপসের নির্দেশে এই মিথ্যা মামলা করেছেন দেলু। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। দেলুর ফাঁদে পা দিয়েছেন শেখ তাপস। এতে দলের এবং শেখ পরিবারের সম্মানহানি হচ্ছে।’ তিনি বলেন, ‘ওই মার্কেটের জন্মলগ্ন থেকে হাজারটা অনিয়ম-দুর্নীতি করেছেন দেলু। আমি দায়িত্বে থাকা অবস্থায় তার লাগাম টেনে ধরেছিলাম। তদন্ত করলে তার সত্যতা বেরিয়ে আসবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১