আপডেট : ১৬ January ২০২১
ময়মনসিংহের হালুয়াঘাটে হঠাৎ করেই বাড়ানো হয়েছে এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য। এক সপ্তাহের ব্যবধানে কয়েকটি কোম্পানি প্রতি সিলিন্ডারে ১০০থেকে ১৫০ টাকা দাম বাড়িয়েছে। দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছে সাধারণ ক্রেতারা। গত সপ্তাহে প্রতি সিলিন্ডার ৮৩০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ৯৩০ থেকে ৯৮০ টাকা নেয়া হচ্ছে। আবার কোনো দোকানে ১১শ টাকাও বিক্রি হচ্ছে। হালুয়াঘাটে পৌর শহর এলাকার একাধিক ব্যক্তি জানান, ইতিমধ্যে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এরই মধ্যে বাড়তি যোগ হয়েছে এলপি গ্যাসের অতিরিক্ত মূল্য। পৌরসভার বসবাসরত গৃহীনি নাসিমা আক্তার বলেন, রান্নার জন্য মাসে অন্তত একটি করে সিলিন্ডার কিনতে হয়। গত মাসে সিলিন্ডার কিনেছি ৮৫০ টাকায়। এখন কিনতে হচ্ছে একই কোম্পানির সিলিন্ডার ৯৮০' টাকা করে। হালুয়াঘাটের শহরের বিভিন্ন গ্যাস কোম্পানির ডিলার, খুচরা বিক্রেতা ও ক্রেতারা জানান, শনিবার পর্যন্ত ওমেরা, টোটাল ও যমুনা কোম্পানির এলপি গ্যাসের প্রতিটি ১২ কেজি ওজনের সিলিন্ডার বিক্রি হয়েছে ৯৪০থেকে ৯৮০ টাকায়। পরবর্তীতে আরো বাড়তে পারে। হালুয়াঘাটের বিলডোরা বাজারের এলপি গ্যাসের খুচরা বিক্রেতা আলতাব হোসেন বলেন, বিভিন্ন কোম্পানির ডিলারদের কাছ থেকে দুইদিন ধরে বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে। পাইকারিতে প্রতিটি কোম্পানির সিলিন্ডারে ১৫০ থেকে ২০০ টাকা বেড়েছে। হালুয়াঘাটের বিলডোরা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন বলেন, বাড়তি দামে গ্যাস কিনে রান্না চালিয়ে যাওয়া অনেক কষ্টকর। তাই গ্যাসের চুলার পরিবর্তে সেই পুরনো লাড়কি চুলা ব্যবহার শুরু করেছি। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কিছু ডিলার অধিক মুনাফার লোভে জোটবদ্ধভাবে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে। এছাড়া সিলিন্ডারে ওজনের ক্ষেত্রেও রয়েছে তারতম্য। কোনো কোনো কোম্পানির গ্যাস সিলিন্ডারে ১২ কেজি লেখা থাকলেও প্রকৃতপক্ষে ওজনে অনেক কম পাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। নাভানা এলপি গ্যাসের পরিবেশক হাজী সেকান্দর বলেন, বৃহস্পতিবার থেকে এলপি গ্যাসের দাম বেড়ে যায়। বাড়তি দামের সঙ্গে ডিলারদের কোনো সম্পৃক্ততা নেই। সব কোম্পানিই গ্যাসের দাম বাড়িয়েছে। কোম্পানির বেঁধে দেয়া দরেই সিলিন্ডার বিক্রি করা হচ্ছে বলে তিনি জানান। যমুনা ও টোটাল গ্যাসের পরিবেশক কামরুল হাসান বলেন, কোম্পানি এলপি গ্যাসের প্রতিটি সিলিন্ডারের দাম ১৫০ টাকা বাড়িয়েছে। আমরাও সেই দামের সঙ্গে সংগতি রেখে সিলিন্ডারের দাম নির্ধারণ করেছি। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ার ওপর নির্ভর করেই এ দাম বাড়ানো হয়েছে। হালুয়াঘাটের ইউএনও মোহাম্মদ রেজাউল করিম বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে থাকলে বাজার তদারকি করা হবে। এরপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১