বাংলাদেশের খবর

আপডেট : ৩০ January ২০২১

পুনর্বাসন না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিহারিদের


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত বিহারিদের পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে হুঁশিয়ার করেছেন বিহারি নেতারা। আজ বুধবার রাজধানীর মিরপুরের ১১ এভিনিউ ৪ রোডে বড় মসজিদের সামনে দুপুর দুইটায়  বিহারি ক্যাম্প ভাঙচুরের প্রতিবাদে  উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন ও ওয়েলফেয়ার মিশন অব বিহারি স্টুডেন্টস যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে একথা জানানো হয়।

ওয়েলফেয়ার মিশন অব বিহরি স্টুডেন্টস'র সভাপতি মো. ইমরান আহমেদ বলেন, মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার সময় কাউন্সিলর নান্নুর ভাই নিরীহ বিহারিদের অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। আমরা এ হামলার সাথে জড়িত মেয়র আতিকসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি বলেন,আমরা আদালতের আদেশ নিয়ে সম্পূর্ণ বৈধভাবে এ ক্যাম্পগুলোতে বসবাস করছি। ভাঙচুর করা হলেও আমরা দখল ছাড়ি নাই। ক্ষতিগ্রস্ত উর্দুভাষীদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে সারাদেশে বসবাসরত উর্দুভাষীদের সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি গড়ে তোলা হবে।

মানববন্ধন থেকে বিহারি ক্যাম্প ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িত মেয়র আতিকসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও পুনর্বাসনের পূর্বে বিহারিদের উচ্ছেদ না করতে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দাবি জানানো হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ, উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু,সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, এসপিজিআরসি মিরপুরের সভাপতি আলি মোহাম্মদ, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সাধারণ সম্পাদক মোঃ হেলাল, মিরপুর ১১ রিলিফ কমিটির চেয়ারম্যান সারফারাজ আলম, এসপিজিআরসি মিরপুর শাখার সাধারণ সম্পাদক মাহতাব,আলম,ইউএসপিওয়াইআরএম'র সাংগঠনিক সম্পাদক মন্জুর রেজা খান, দপ্তর সম্পাদক শেখ নাজের উদ্দিন রাশেদ, এসপিজিআরসি মিরপুর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, প্রচার সম্পাদক মোঃ আরমান, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার,উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক মাকসুদ আলম, ওয়েলফেয়ার মিশন অব বিহারিজ স্টুডেন্টের সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক দিলশাদ আহমেদ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১