আপডেট : ০১ February ২০২১
দেশের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে কোনো আসন সংকট হবে না। এসব প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতক পাস ও সমমান কোর্সে ১৩ লাখ ২০ হাজারের মতো আসন রয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইউজিসি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার ৯৫টি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৩ হাজার ৬৭৫টি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮ লাখ ৭২ হাজার ৮১৫টি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৭৭ হাজার ৭৫৬টি, দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ৪৪০টি এবং মেডিকেল ও ডেন্টাল কলেজে সাড়ে ১০ হাজার আসন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ২৩ হাজার ৩৩০টি, চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে ৭২০টি, ছয়টি টেক্সটাইল কলেজে ৭২০টি, সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারিতে ৫ হাজার ৬০০টি, ১৪টি মেরিন অ্যান্ড অ্যারোনটিকাল কলেজে ৬৫৪টি এবং ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ৩ হাজার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে ২৯০টি আসন রয়েছে বলে ইউজিসি জানিয়েছে। ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, চলতি বছর উচ্চশিক্ষায় ভর্তিতে আসনের ক্ষেত্রে কোনো সংকট হবে না। প্রায় সব শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবে। তবে পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিষয়ে ভর্তিতে তীব্র প্রতিযোগিতা হবে। স্নাতকে ভর্তির প্রস্তুতি ইতোমধ্যে নিতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো। ২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের ২০টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ছয়টি কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। এই সপ্তাহে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ভর্তি পরীক্ষা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে জানান অধ্যাপক আলমগীর। ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। মহামারীর মধ্যে উচ্চ মাধ্যমিকে সবাইকে পাস করানো হয়েছে। এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পরদিনই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো আসন সংকট নেই বলে জানায় ইউজিসি। করোনাভাইরাস মহামারীর কারণে পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসির ফল মূল্যায়ন করে ২০২০ সালের এইচএসসিতে সবাইকে পাস করানো হয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি শিক্ষার্থী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১