বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০২১

শৈলকুপায় সাংবাদিককে অপহরণ করে হত্যার চেষ্টা


সুনামগঞ্জের তাহিরপুরের পর এবার ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে চোঁখ বেধে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন করেছে মাদক ব্যাবসায়ীরা। হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে হাত-পা ও চোঁখ-মুখ বেধে ফেলে গেছে রাস্তার পাশে। উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

সাংবাদিক মনির উপজেলার কাঁচেরকোল গ্রামের আকবর শেখের ছেলে। সে জয়যাত্রা টেলিভিশন ও সময়ের কাগজ পত্রিকার শৈলকুপা প্রতিনিধি।

জানা যায়, মঙ্গলবার রাতে কচুয়া সেতুর উপর থেকে চোঁখ বেধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাহিনী। তাকে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন শেষে হাত-পা ও চোঁখ-মুখ বেধে মাইক্রোবাস থেকে বুধবার ভোর রাতে ফেলে যায় শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে রাস্তার পাশে। স্থানীয়রা তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স করে শৈলকুপা হাসতালে ভর্তি করে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোরে শিক্ষার্থীরা রাস্তার ধারে হাত-পা ও মুখ বাধা অবস্থায় রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে উঠে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে তার বাধন খুলে দেয়। পরে তার পরিচয় জানতে পারে যে, সে একজন সাংবাদিক। পরে অ্যাম্বুলেন্স ডেকে তাকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিত সাংবাদিক মনিরুজ্জামান মনির বলেন, কাঁচেরকোল ইউনিয়নের মাদক সম্রাট ডিশ বাবু, জাহাঙ্গীর ও বিল্লালসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর মাদক বেচা কেনা ও সেবনের ভিডিও ধারণ করেন তিনি। এরপর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন। মাদক ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে তাকে কচুয়া বাজারের সেতুর উপর থেকে অপহরণ করে মাইক্রোবাসে জোরপূর্বক তুলে চোঁখ-মুখ ও হাত-পা বেধে ফেলে। চলন্ত মাইক্রোবাসে অপহরণকারীরা বলতে থাকে আমাদের বিরুদ্ধে নিউজ করার সাহস তোকে কে দিলো। ওদের ভিতর থেকে ডিশ বাবু অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে ওকে ফাঁকা মাঠে নিয়ে জবাই করতে হবে। পরবর্তীতে তার উপর শারীরিক নির্যাতনের ফলে সে জ্ঞানহীন হয়ে পড়ে। তার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোনসহ তারা ছিনিয়ে নেয়।

তিনি আরো জানান, সংবাদ প্রকাশের পর থেকে মাদক ব্যবসায়ীরা তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো। অপহরণকারীদের মধ্যে তিনি বেশ কয়েকজনকে চিনতে পেরেছেন।

কাঁচেরকোল গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইউপি সদস্য ডিশ বাবু, সাদেকপুর গ্রামের মৃত নতো শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন, মধুদাহ গ্রামের তাজো শেখের ছেলে বিল্লাল মিয়া, কাঁচেরকোল গ্রামের মৃত আশাহক মিয়ার ছেলে আশরাফুল মিয়া, করিম মিয়ার ছেলে সোহেল মিয়া ও নুর আলী বিশ^াসের ছেলে স্বপন বিশ^াসসহ অজ্ঞাত ৪/৫ জন এ ঘটনার সাথে জড়িত বলে তিনি দাবী করেন।

বর্তমানে সাংবাদিক মনিরুজ্জামান মনির ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে তিনি থানায় মামলা করবেন বলে জানান।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, অপহরণের ঘটনা তিনি শুনেছেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১