বাংলাদেশের খবর

আপডেট : ০৪ February ২০২১

কলারোয়ায় ৩ শত বছরের কাছারি বাড়ির স্মৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে ভূমি জাদুঘর ও পার্ক


সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বুইতা গ্রামের প্রায় ৩ শত বছরের পুরোনো বটবৃক্ষ আর ব্রিটিশ আমলের কাছারি বাড়ির স্মৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে ভূমি জাদুঘর।

স্থানীয় প্রবীণদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ জানুয়ারি কাছারি বাড়ির বটবৃক্ষসহ স্থানটি পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। স্থানটি পরিদর্শন করে ‘কাছারি জাদুঘর ও পার্ক’ নির্মাণের পরিকল্পনা করে স্মৃতি ফলকের উদ্বোধন করেন তিনি। পুরোনো স্মৃতি ধরে রাখতেই হেরিটেজ পার্ক হিসেবে প্রাচীন বাড়ি ও বটবৃক্ষের রক্ষণাবেক্ষণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা, কলারোয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, স্থাণীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বুইতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছহেলদ্দিন বিশ্বাস বলেন, বট গাছটি প্রায় ৩ শত বছরের পুরোনো। ব্রিটিশ আমলে এখানে কাছারি বাড়ি ছিল। সমগ্র কলারোয়াসহ তালা উপজেলার ধানদিয়া অ লের ভূমির খাজনা আদায় করা হতো। এখন আর কাছারি বাড়ি নেই।

জালালাবাদ গ্রামের প্রবীণ সাংবাদিক শেখ মোসলেম আহম্মেদ বলেন, কাছারি বাড়ির কথা বাপ-দাদাদের মুখে শুনেছি। এখানকার পরিবেশ অনেক সুন্দর। সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে পার্ক নির্মিত হচ্ছে, এটা আমাদের জন্য গৌরবের।

ইউনিয়ন আ’লীগের সভাপতি মসিয়ার রহমান বলেন, ঐতিহ্যবাহী স্থানটিকে নতুন রূপ দেওয়ায় দেশবাসী কাছারি বাড়ি সম্পর্কে নতুন করে জানতে পারবে। বর্তমান যুগের ছেলে-মেয়েরা ধারণা নিতে পারবে ইতিহাস-ঐতিহ্যের। তাছাড়া এখানে জাদুঘর ও পার্ক নির্মিত হলে এর সুনাম বৃদ্ধি পাবে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, এ প্রাচীন বটবৃক্ষ সংরক্ষণ করা হবে। পাশাপাশি একটি ভূমি জাদুঘর তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন। স্থানটিতে একটি হেরিটেজ পার্ক গড়ে তোলার ইচ্ছাও রয়েছে।

তিনি আরও বলেন, আন্তরিক সহযোগিতার জন্য ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় পেলে আপনারা প্রাচীন বটবৃক্ষটি দেখতে যাবেন। যাতায়াত ব্যবস্থা উন্নতসহ অচিরেই এখানে ভ্রমণপিপাসুদের জন্য কিছু নাগরিক সুবিধার ব্যবস্থাও করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১