বাংলাদেশের খবর

আপডেট : ০৫ February ২০২১

ইসলাম প্রচার-প্রসারে মাতৃভাষার গুরুত্ব


এহসান বিন মুজাহির

 

 

 

মাতৃভাষা খোদার সেরা দান। এ ভাষা আমাদের গৌরবের। ইসলাম মাতৃভাষার প্রতি যথার্থ গুরুত্ব দিয়ে মায়ের ভাষাকে মর্যাদার উচ্চমানে সমাসীন করেছে। আল্লাহতায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসুলকে আসমানি কিতাবসহ স্বজাতির ভাষায় পৃথিবীতে প্রেরণ করেছেন। যেমন হজরত দাউদ (আ.)-কে তাঁর নিজ ভাষা গ্রিকে জাবুর কিতাব নাজিল করেছেন। হজরত মুসা (আ.)-কে তাওরাত হিব্রু ভাষায়, হজরত ঈসাকে (আ.) ইঞ্জিল সুরিয়ানি ভাষায়। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর পবিত্র কোরআনে করিম নাজিল করেছেন আরবের ভাষা আরবিতে। মহান আল্লাহতায়ালার অগণিত কুদরতের নিদর্শনসমূহের মধ্যে ভাষা হলো অন্যতম একটি।

ইবনে ফারিছ আল লুবাবির মতে, আল্লাহতায়ালা স্বয়ং ভাষা শিখিয়েছেন। তিনি সর্বপ্রথম আমাদের আদি পিতা হজরত আদম (আ.)-কে ভাষা শিক্ষা দেন। তা থেকে তাঁর সন্তানরা ভাষা শিক্ষা লাভ করেছে। এ সম্পর্কে পবিত্র কোরআন করিমে আল্লাহতায়ালা বলেন, ‘তিনি আদমকে সব বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন।’ (সুরা বাকারাহ : ৩২)। ভাষা সম্পর্কে কোরআন করিমে আল্লাহ আরো ইরশাদ করেন, দয়াময় আল্লাহ, শিক্ষা দিয়েছেন কোরআন। সৃজন করেছেন মানুষ। শিক্ষা দিয়েছেন ভাষা।’ (সুরা রাহমান : ১-৪)। কোরআনের অন্যত্র ইরশাদ হয়েছে, ‘তাঁর আরো এক নিদর্শন হচ্ছে নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলি রয়েছে।’ (সুরা রুম : ২২)। অন্যত্র ইরশাদ হয়েছে, ‘স্বজাতির ভাষা ছাড়া আমি কোনো রাসুল প্রেরণ করিনি, যাতে সে তাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করতে পারে।’ (সুরা ইবরাহিম : ৪)। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে করিমে আরো ইরশাদ করেন, ‘আমি প্রত্যেক নবীকে তাদের স্বজাতির ভাষায় প্রেরণ করেছি তাদের সম্প্রদায়ের নিকট, যাতে তারা জাতিকে সুস্পষ্ট ভাষায় বোঝাতে সক্ষম হন।’ (সুরা মারইয়াম : ৯৭)। কোরআনে আরো বর্ণনা করা হয়েছে, ‘আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পার।’ (সুরা ইউসুফ : ২)।

ইসলামী সাহিত্যের দিকপাল মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী (রহ.) বলেন, মাতৃভাষার প্রতি অবজ্ঞা করা জাতি হত্যারই নামান্তর। বাংলা ভাষা সম্পর্কে বিখ্যাত মনীষী আল্লামা হুসাইন আহমদ মাদানী (রহ.) বলেন, বাংলাদেশের শতকরা ৯৫% মানুষ মুসলমান এবং দেশের ভাষাও বাংলা। অতএব আলেমসমাজকে বাংলা ভাষা সম্পর্কে বিশাল জ্ঞান (পাণ্ডিত্য) অর্জন করতে হবে।’ বিশ্ববিখ্যাত ঐতিহাসিক পর্যটক ইবনে খালেদুন বাংলা ভাষা সম্পর্কে বলেন, ‘প্রত্যেক শিক্ষাই তার মাতৃভাষায় হওয়া চাই, কেননা অপরিচিত ভাষার মাধ্যমেই শিক্ষা দান ও অর্জন অসম্পূর্ণ শিক্ষারই নামান্তর। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মাতৃভাষায় অনেক গুরুত্ব রয়েছে। ইসলাম প্রচার-প্রসার, দিন ও জাতির খেদমতের উদ্দেশ্যে ভাষা চর্চা করাও ইসলামে গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলাম প্রচারে মাতৃভাষার কোনো বিকল্প নেই। সে হিসেবে প্রত্যেক মুসলমান, বিশেষ করে আলেম-ওলামাদের কর্তব্য হলো মাতৃভাষা চর্চায় মনোযোগী হওয়া।

 

লেখক : প্রিন্সিপাল, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, মৌলভীবাজার

মুহতামিম, সাইটুলা ইসলামিয়া আরাবায়াি ইমদাদুল উলুম মাদরাসা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১