বাংলাদেশের খবর

আপডেট : ১২ February ২০২১

চল্লিশ সপ্তাহে করোনায় সর্বনিম্ন মৃত্যু


দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ২৫৩ জনের মৃত্যু হল। এ মৃত্যু গত চল্লিশ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। সবশেষ গতবছরের ৬ মে  ৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ৪০৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন হয়েছে।

গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ আর নারী ১ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি এবং ২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং ১ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৮ হাজার ২৫৩ জনের মধ্যে ৬ হাজার ২৫২ জনই পুরুষ এবং ২ হাজার ১ জন নারী। তাদের মধ্যে ৪ হাজার ৫৮৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়াও ২ হাজার ৫৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৯৩৯ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৪১২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৬৬ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৬২ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩৬ জনের বয়স ছিল ১০ বছরের কম।

এর মধ্যে ৪ হাজার ৬০৩ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৫১৫ জন চট্টগ্রাম বিভাগের, ৪৭০ জন রাজশাহী বিভাগের, ৫৫৬ জন খুলনা বিভাগের, ২৪৯ জন বরিশাল বিভাগের, ৩০৮ জন সিলেট বিভাগের, ৩৫৯ জন রংপুর বিভাগের এবং ১৯৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬৫টি র্যাাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১০টি ল্যাবে ১৪ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি নমুনা।

আলোচ্য সময়ে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৮২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ৬৮ হাজার ৭৬৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৮ লাখ ৫৩ হাজার ৫৭৯টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১