বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০২১

ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সিকদার মাহাবুব এর সঞ্চালনায় হাসান মাহমুদ, নাবিলা, মিলন, শরিফ, সোহাগ প্রমুখ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এছাড়া উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মাসুকুর রহমান, শাহাদাত হোসেন হৃদয়, রুপন ইসলাম শুভ, সাদিয়া, বজলুর রহমান, রাফি, ইমন, সাইমুন, তামিম, আজাদ, প্রশান্ত প্রমুখ শিক্ষার্থীরা।

মানবন্ধনে বক্তারা বলেন, "বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলার পর প্রশাসন এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি।নির্বিকারচিত্তে প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটোই এ জায়গায় ব্যর্থ হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। রাষ্ট্রের কাছে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা করার সাহস তারা কোথায় পাচ্ছে? পরিবহন শ্রমিকদের এই শক্তির উৎস কোথায়?"

এসময় শিক্ষার্থীরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, দেশের কোন শিক্ষার্থীই জীবনের নিরাপত্তা পায়না। দেশের ভবিষ্যত কান্ডারিদের উপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাই। তাদের দ্রুত বিচারের আওতায় না আনলে সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে।"

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে বরিশাল নগরীর রূপাতলি হাউজিংয়ে শিক্ষার্থীদের মেসে ববি শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছিল। হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১