আপডেট : ১৯ February ২০২১
নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে সার কারখানায় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্ট (জিপিইউএফপি) নির্মাণ প্রকল্পে এ ঘটনা ঘটে। পরে বিকাল ৫ টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট টানা ৫ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্টের প্রকল্প পরিচালক রাজিওর রহমান মল্লিক বলেন, কীভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখন ও জানা যায় নি। কী কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানার জন্য সার কারখানার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত কমিটির রিপোর্টের পর অগ্নিকান্ডের কারণ বলা যাবে।
সার কারখানা সূত্রে জানা যায়, নরসিংদী জেলার পলাশে ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্ট (জিপিইউএফপি)’ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে বিদ্যমান ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (ইউএফএফএল) এবং পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (পিইউএফএফএল) এর স্থলে অত্যাধুনিক প্রযুক্তির এ কারখানা নির্মাণ করা হচ্ছে। জাপানের ঐতিহ্যবাহী মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এমএইচআই) এবং গণচীনের চায়না ন্যাশনাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নং-৭ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসি-৭) কনসোর্টিয়াম এ কারখানা নির্মাণ করছে। এ সার কারখানা নির্মাণের ফলে এটি হবে দক্ষিণ এশিয়ায় মধ্যে সর্ববৃহৎ সারকারখানা। শুক্রবার সকাল থেকেই সার কারখানায় নতুন ভবনের পাইলিং এর কাজ করছিলেন শ্রমিকরা। দুপুর ১২ টার দিকে পাইলিং তিতাস গ্যাসের পাইপলাইনে পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আশরাফ ট্রেড প্রতিষ্ঠানের একটি পাইলিং মেশিন পুড়ে যাওয়া ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে আমাদের পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে নরসিংদী,পলাশ ও ঘোড়াশালের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আর আগুন আশে পাশে ছড়ায়নি। তিতাস গ্যাসের কর্মীরা বিকাল ৫টায় বাল্ব স্টেশন থেকে গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এদিকে নির্মাণাধীন প্রকল্পের নীচে গ্যাসের লাইন থাকায় বিস্ময় প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। তারা জানায় একটা প্রকল্প বাস্তবায়ন করার আগে অনেক তথ্য উপাত্ত যাচাই করতে হয়। তারা সঠিক তথ্য যাচাই না করেই প্রকল্পের নকশা প্রনয়ণ করেছে। ভুল নকশার কারণেই আজকের এই দূর্ঘটনা ঘটেছে। আজকের দূর্ঘটনার মাধ্যমে বিষয়টি না জানা গেলে ভবিষ্যতে আরো বড় দূর্ঘটনা ঘটতে পারতো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১