আপডেট : ২৬ February ২০২১
পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। গতকাল বৃহস্পতিবার বিকালে চাপলী বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক পল্লী চিকিৎসক ইয়াকুব আলী খানকে তার চেম্বার থেকে ডেকে নিয়ে লাঞ্চিত করে নৌকার সমর্থকরা। এঘটনায় চাপলী বাজারের দেড় শতাধিক ব্যবসায়ীসহ এলাকাবাসী পল্লী চিকিৎসক লাঞ্চিত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ করে। চাপলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মশিউর রহমান জানান, ডালবুগঞ্জ ইউনিয়নে নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পল্লী চিকিৎসক ইয়াকুব আলী খানকে শারীরিকভাবে লাঞ্চিত করে কতিপয় নৌকার সমর্থক। এ ঘটনায় চাপলী বাজারের ব্যবসায়ীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গোটা বাজারে বিক্ষোভ করে। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দিলে প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয়। এদিকে বুধবার গভীর রাতে নৌকা প্রতীকের প্রার্থী দেলওয়ার হোসেন সিকদারের নির্বাচনী অফিসে হামলা হয়েছে। ৮-১০ জনের মুখোশধারী যুবক নির্বাচনী অফিসে হামলা করে কয়েকটি চেয়ার ভাংচুর ও পোস্টার চিড়ে ফেলে। এছাড়া প্রার্থীর বাড়ির উঠানে গিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ ঘটনার খবর পেয়ে রাতেই মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আওয়ামী লীগ প্রার্থী দেলওয়ার হোসেন এ ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। একই সাথে বহিরাগতদের আনাগোনা নিয়ে আতংকিত। এ অফিস ভাংচুরের সাথে প্রতিপক্ষ প্রার্থীদের দায়ী করেছেন এবং থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান। তবে পল্লীচিকিৎসককে তার কর্মীরা লাঞ্চিত করার ঘটনায় তার কোন কর্মী জড়িত নয় বলে জানান। এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, চাপলী বাজারের পরিস্থিত শান্ত রয়েছে। নির্বাচনী এলাকায় পুলিশের টহল জোড়দার করা হয়েছে। এছাড়া নৌকা প্রতিকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে পৃথক এ ঘটনায় এখনও থানায় মামলা দায়ের হয়নি বলে ওসি জানান। আগামী ২৮ ফেব্রুয়ারি ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নের চেয়ারম্যান আঃ সালাম সিকদার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১