বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২১

জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর


ডিজিটাল নিরাপত্তা আইনে প্রায় এক বছর আগে আটক হওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে আগাম ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

তার বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছিলো।

কার্টুনিস্ট কিশোরের ভাই আহসান কবির জানিয়েছেন, উচ্চ আদালত কার্টুনিস্ট কিশোরকে ছয় মাসের জামিন দিয়েছেন।

এর আগে, গত সোমবার তার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেন আদালত।

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ছাড়াও কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের জামিন চেয়ে করা আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য ছিল।

হাইকোর্টের আবেদনের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

শুনানিতে আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেছিলেন, গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি রাতে মারা যান। এই পর্যায়ে আদালত এ বিষয়ে একটি হলফনামা আইনজীবীকে জমা দিতে বলেছিলেন।

২০২০ সালের ৬ মে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লালমাটিয়ার বাসা থেকে কিশোরকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর সদস্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১