আপডেট : ০৫ March ২০২১
বছরে এক হাজার এসি, নন-এসি লাক্সারি বাস উৎপাদন কার্যক্রম শুরু করেছে ইফাদ অটোস লিমিটেড। ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় গতকাল বৃহস্পতিবার উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ইফাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা কারখানাটিতে ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডসহ বিভিন্ন মডেলের গাড়ি তৈরি হবে। অনুষ্ঠানে জানানো হয়, দেশে পরিবহন খাতে লাক্সারি এসি ও নন-এসি বাস সরবরাহ বাড়ানোর উদ্দেশ্যে বছরে ১ হাজারেরও বেশি গাড়ির বডি তৈরি করা হবে। ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়ানো হবে। এর আগে বছরে ১২ হাজার বাস ও ট্রাকের বডি সংযোজনের লক্ষ্যে ২০১৭ সালে একই কারখানার ভিন্ন প্ল্যান্টে যাত্রা শুরু হয় ইফাদ অটোস লিমিটেডের সংযোজন কারখানা। সেখানেও ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি সংযোজন করা হচ্ছে। ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুর সভাপতিত্বে উৎপাদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের এমপি বেনজির আহমেদ ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুন্সী শাহাবুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ, ইফাদ অটোসের এমডি তাসকিন আহমেদ, গ্রুপ ডিরেক্টর তাসফিন আহমেদসহ বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বাস-ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি দেশেই উৎপাদন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে অটোমোবাইল শিল্পের বিকাশে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ শিল্পের উত্তরোত্তর উন্নয়ন এবং টেকসই বিকাশের লক্ষ্যে এ নীতি প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতি প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এর খসড়া অনুমোদন করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে তা চূড়ান্ত করা হবে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আঞ্চলিক অটোমোবাইল শিল্প উৎপাদনের কেন্দ্রে উন্নীত করা হবে। এ লক্ষ্য অর্জনে মন্ত্রী সরকারের পাশাপাশি অটোমোবাইল শিল্প উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, অটোমোবাইল শিল্পের বিকাশে প্রকৃত অর্থেই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গাড়ি সংযোজনকারী দেশের গণ্ডি পেরিয়ে গাড়ি উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে। তিনি বলেন, আপনারা এও জানান, বর্তমান সরকার ২০২০ সালকে ‘লাইট ইঞ্জিনিয়ারিং বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। ২০৪১ সালে উন্নত আয় ও শিল্পসমৃদ্ধ দেশ গড়তে সরকার দেশে শিল্প কারখানা স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা প্রদান করছে। ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, বেসরকারি উদ্যোগে ইতিহাসে নব দিগন্তের সূচনা করেছে ইফাদ অটোস। এতদিন এই কারখানায় শুধু গাড়ি সংযোজন করা হতো। এখন বিলাসবহুল এসি, নন-এসি বাসের বডি তৈরি করা হবে। তিনি বলেন, ‘বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানি করতে বেশ সময় লাগে। এই কারখানা চালু হওয়ার ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১