বাংলাদেশের খবর

আপডেট : ১২ March ২০২১

পরিত্যক্ত জমিতে সবজি চাষ করলেন ওসি


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা চত্বরে অনাবাদী জমিতে সবজি চাষ করে চাহিদা মেটাচ্ছেন সেখানকার পুলিশ সদস্যরা। থানার নতুন ভবনে বালুময় পরিত্যক্ত জমিতে ওসি চিত্ত রঞ্জন রায় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন এই ক্ষেত।

উপ-পরিদর্শক(এস আই) আবু বকর সিদ্দিক বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে ওসি স্যারসহ অন্য পুলিশ সদস্যরা ক্ষেত পরিচর্যা করেন। প্রায় ৩৫ শতাংশ জমিতে শাক-সবজি সহ ১৫(পনের) প্রজাতির ফুলের গাছ দিয়ে বাগান তৈরি করা হয়েছে। বিষমুক্ত এবং সতেজ এসব শাক-সবজি দিয়ে থানার পুলিশ সদস্যরা চাহিদা মেটাচ্ছেন।

ক্ষেতে গিয়ে দেখা গেছে, রসুন, পেঁয়াজ, মরিচ, ফুলকপি, বা‍ঁধাকপি, স্কোয়াশ, গাজর, মুলা, লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, পালংশাক, লালশাক ও ধনেপাতার চাষ করা হয়েছে। সেই সাথে লক্ষ্য করা যায় বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের বাগান।

ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, প্রধানমন্ত্রী করোনাকালীন সময়ে নির্দেশনা দিয়েছেন, কোনো জায়গা পরিত্যক্ত থাকতে পারবে না। এরপর চিন্তা করলাম, আমাদেরও কিছু করা দরকার। সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি। প্রথমে ওই জমি থেকে পুলিশ সদস্যদের নিয়ে লতাপাতা-জঙ্গল পরিষ্কার করেছি। এরপর শুরু করি চাষাবাদ। আমাদের পুলিশ সদস্যরা এখন বিষমুক্ত শাকসবজি খেতে পারছেন।

তিনি আরো বলেন, আমাদের এ চাষাবাদ অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১