বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০২১

নরসিংদীতে স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা করে অটোরিক্সা ছিনতাই


নরসিংদীতে শাওন মিয়া (১৫) নামের ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রকে গলাকেটে হত্যা করে অটো রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের কামারগা‍ঁও কবর স্থান এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাওন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সিংড়াইল গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে। নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিল শাওন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত দুই দিন যাবৎ নিহত শাওনের বাবা অসুস্থ। তাই সংসারের ব্যয় যোগাতে গত দুইদিন যাবৎ শাওন অটো রিক্সা চালাচ্ছিল। এরই মধ্যে বুধবার দুপুরের খাওয়া দাওয়া শেষে বিকেলে অটো রিক্সা নিয়ে বের হয়। এর পর রাতে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সকাল ১০টার দিকে কবর স্থানের পাশে লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দেয় এলাকাবাসী। পরে সদর মডেল থানা পুলিশ সকাল ১১ টার দিকে কামারগাঁও এলাকার একটি কবরস্থানের পেছন থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে। এসময় শাওনের সাথে থাকা অটোরিক্সাটি পাওয়া যায় নি। খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল হক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, কামারগাঁও কবরস্থানের পাশে একটি লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে সেখান থেকে শাওনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা গলা কেটে অটো ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১