আপডেট : ১৮ March ২০২১
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষায় উপজেলা টাস্কফোর্সের অভিযানে ১৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৫শ’ কেজি জাটকা ও ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে হাইমচর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে ৫জনকে ১ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৯ জেলেকে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করেন। এর আগে বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত মেঘনা নদীর কাটাকালি, হাইমচর চরভৈরবী ও চরাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে এসব জেলেদের জাটকা ধরা অবস্থায় আটক করা হয়। হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জব্দকৃত জাটকা স্থানীয় দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন নীল কমল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিলসহ পুলিশ সদস্যবৃন্দ। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার মেঘনা নদী অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে ২ বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও উভয় দন্ডের বিধান রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১