আপডেট : ২১ March ২০২১
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রোববার (২১ মার্চ) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে এ দুই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। এসময় মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১ জুন দিন ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) সাবিনা আক্তার দিবা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আসামি খালেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে দুই মামলার অভিযোগগঠন শুনানি শুরু হয়। এসময় আসামি পক্ষের আইনজীবী খালেদকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। উল্লেখ্য, গত বছরের ১৮ ফেব্রুয়ারি গুলশান থানায় খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করে সিআইডি। আর চলতি বছরের শুরুতে মতিঝিল থানায় মাদক আইনে করা মামলায় চার্জশিট দেয় পুলিশ। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলার অভিযোগে বলা হয়, ক্যাসিনো খালেদের বাসা থেকে ছয়টি দেশের মুদ্রা জব্দ করা হয়। এর মধ্যে সিঙ্গাপুরের ১০ হাজার ৫০ ডলার, থাইল্যান্ডের ১০ হাজার ৪৯০ বাথ, ভারতীয় সাড়ে তিন হাজার রুপি, সৌদি আরবের দুই হাজার ৩২১ রিয়াল, মালয়েশিয়ান ৬৫৬ রিঙ্গিত ও সংযুক্ত আরব আমিরাতের ৭৫ দিরহাম ছিল। আর মাদক মামলায় বলা হয়, গুলশানের বাসা থেকে আটকের সময় ৪০০ পিস ইয়াবা, তিনটি অস্ত্র ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুটি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে রাখা হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১