বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২১

ঢাকায় পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ছবি : সংগৃহীত


বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে আজ সোমবার সকাল ১০টার দিকে বিদ্যা দেবী ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড বিমানটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানান। নেপালের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম বাংলাদেশ সফর। বিদ্যা দেবী ভাণ্ডারী ২২ ও ২৩ মার্চ দুইদিন ঢাকায় অবস্থান করবেন। সফরের প্রথমদিন বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নেপালের রাষ্ট্রপ্রধান। পরে বিকেলে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগদান করবেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়েছে।

সন্ধ্যায় বঙ্গভবনে নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় রাষ্ট্রনেতার উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পরে বঙ্গভবনে নৈশভোজে অংশ নেবেন নেপালের রাষ্ট্রপতি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১