বাংলাদেশের খবর

আপডেট : ২৪ March ২০২১

রাত ৮টার মধ্যে দোকান বন্ধের আহ্বান মেয়র তাপসের


দেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রমণের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানপাট রাত আটটার মধ্যে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার রাজধানীর গোপীবাগের বয়েজ ক্লাব মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান।

ফজলে নূর তাপস বলেন, আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটো নিবেদন করব। যেহেতু করোনা মহামারিতে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং রাত আটটার মধ্যে অবশ্যই সকল দোকানপাট, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।

তিরি আরও বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা চাই, আটটার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে এবং আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।’

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনুর আলম, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, মো. খায়রুল বাকের উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল দেশে নতুন করে আরও ৩ হাজার ৫১২ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ৪ জুলাই ৩ হাজার ২৮৮ জন শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১