বাংলাদেশের খবর

আপডেট : ২৭ March ২০২১

আখাউড়ায় লেবুর হালি ৫০ টাকা


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সর্বত্র হাট বাজারে লেবুর দাম বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি হালি লেবুতে ২০-২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি হালি লেবু ৫০টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে শুধু লেবু নয়, দাম বেড়েছে বেগুন, টমেটো, মুলা, ঝিঙ্গা, বরবটিসহ বিভিন্ন সবজির দাম। পৌর শহরের সড়ক বাজার এলাকায় সবজি বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

স্থানীয়রা ব্যবসায়ীরা বলছেন,গত বেশ কয়েক দিন ধরে লেবুর সরবরাহ বাজারে তুলনামূলকভাবে কমে গেছে। তাছাড়া করোনার ভাইরাস প্রতিরোধে চিকিৎসকরা লেবু বা টক জাতীয় খাবার খেতে পরামর্শ দেওয়ায় লেবুর চাহিদা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। চাহিদার সঙ্গে স্থানীয় বাজারে অনেক ঘাটতি থাকায় এ অবস্থা তৈরি হয়। ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থা বেশী দিন থাকবে না। সরবরাহ বৃদ্ধি পেলে লেবুসহ সব ধরনের সবজির দাম কমে আসবে।

বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি আলু ১৮-২০ , টমেটো ১৫-২০ বেগুন ৩৫-৪০ , উচ্ছল ৪০-৪৫, কাঁচা মরিচ ৪০-৫০, করলা ৬০-৬৫, দেঁড়স ৫৫-৬০,বরবটি ৫০-৫৫ , চিচিংগা ৬০-৬৫ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, কইডা ৩০-৩৫ ,কচুর লতি ৫০-৫৫, গাজর ৩৫-৪০, প্রতিপিচ মিষ্টি কুমড়া ১৫-২০, জালি ৩০-৩৫ ও কলা প্রতি হালি ৩০-৩৫ টাকা বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪০-১৫০ আর পাকিস্তানি কক মুরগি ৩২০-৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

রুই (বড়) ৩৫০, ছোট ১৬০-১৯০,কাতল (বড়) ৩০০-৩৫০ তেলাপিয়া ৯০-১১০, কার্প ১৫০-২০০, পুটি ১৭০-২১৮০ টেংরা ৫০০-৬০০ বোয়াল ৫০০ -৬০০টাকা কেজি বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে গরু, খাসির মাংস ও মাছের দাম।

বাজার করতে আসা মো. সিরাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে এমনিতেই আমাদের মতো ভোক্তার আয় কমে গেছে। তার মাঝে বাজারে এসে নিত্যপণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে। এভাবে দাম বাড়তে থাকলে আমাদের মতো আয় কম লোকদের যেন কষ্টের শেষ নেই।

মো. শওকত মিয়া বলেন, গত এক সপ্তাহ আগে প্রতি হালি লেবু ২০ টাকায় বিক্রি হয়েছে। আজ বিক্রি হচ্ছে প্রায় ৫০ টাকায়। আগে যেখানে ২-৩ হালি কেনা হতো এখন দাম বাড়ায় ২পিচ কেনা হয়েছে বলে জানায়।

মো. এরশাদ আলী বলেন, বেশ কিছু দিন সবজির দাম কম থাকায় টাটকা সবজি কিতে খেতে পেরেছি। কিন্তু দিন দিন দাম বৃদ্ধি পাওয়ায় এখন খুবই চিন্তায় আছি।

'সড়ক বাজার সবজি ব্যবসায়ী মো. লিটন মিয়া বলেন, বাজারে নতুন সবজির দাম কিছুটা বাড়তি থাকলে ও অনেক সবজির দাম তুলনামূলক ভাবে অনেক কম রয়েছে। আশা করছি সরবরাহ বৃদ্ধি পেলে সব সবজির দাম কমে আসবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১