বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০২১

চৌদ্দগ্রামে পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা-ভাংচুর, আহত ৭


কুমিল্লার চৌদ্দগ্রামে সিলেটে কর্মরত পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে হামলা-মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সুপারের ভাই সাইফুল ইসলাম সবুজসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে চৌদ্দগ্রাম থানায় ঘোলপাশা ইউপির বর্তমান চেয়ারম্যান কাজী জাফরসহ ৮ নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন ছাত্রলীগ নেতা শেখ কামাল।

মামলায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে র‌্যালি শেষে নেতা-কর্মীরা শনিবার সন্ধ্যায় সিলেটে কর্মরত পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি ধনুসাড়া গ্রামে একত্রিত হয়ে দলীয় বিষয়াদি নিয়ে আলোচনা করছিলেন। এতে ক্ষীপ্ত হয়ে আ’লীগের অপর অংশে নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য বেলাল হোসেনের নেতৃতে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় পুলিশ কর্মকর্তার ভাই সাইফুল ইসলাম প্রকাশ সবুজ, ছাত্রলীগ নেতা শেখ কামাল ও শাহ নেওয়াজসহ অন্তত ৭ জন আহত হয়। এ সময় ৬টি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ কামাল বাদি হয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, তাঁর শ্যালক মাসুম বিল্লাহ, ইউপি সদস্য বেলাল হোসেন, আবুল কালাম, মহিউদ্দিন, রাকিব হোসেন, সৈকত হোসেন ও মাসুম কবির মজুমদারসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে।

মামলার ৩নং স্বাক্ষী ওই পুলিশ কর্মকর্তার বড় ভাই এ কে এম খোকন রোববার বিকেলে জানান, র‌্যালী শেষে দলীয় বিষয়াদি নিয়ে আমাদের বাড়িতে বসে কথাবার্তা বলার সময় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। তিনি আরও জানান, হামলার ঘটনার মামলা দায়েরের পর উত্তেজিত হয়ে রোববার দুপুরে ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম জাহাঙ্গীরকে মারধর করে তাঁর ব্যবহৃত মোটর সাইকেল ছিনিয়ে নেয় তারা।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, চেয়ারম্যান কাজী জাফর আহমেদের শ্যালক মাসুম বিল্লাহর বিরুদ্ধে পুলিশ এসোল্ট ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা রয়েছে।

এদিকে এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১