বাংলাদেশের খবর

আপডেট : ২৯ March ২০২১

বিদেশ ফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন


দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের এসব নির্দেশনার কথা জানান। নির্দেশনার বলা হয়েছে, বিদেশ থেকে এলেই যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এর আগের নির্দেশনা অনুযায়ী, শুধু যুক্তরাজ্য থেকে দেশে ফেরা ব্যক্তিদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো। এখন নতুন নির্দেশনা অনুযায়ী শুধু যুক্তরাজ্য নয়; যেকোনো দেশ থেকে বাংলাদেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টিনে থাকতে হবে।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আগে যুক্তরাজ্যফেরত যাত্রীদের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক ছিল। বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী যেকোনো দেশ থেকে এলেই কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

সরকারের নতুন প্রজ্ঞাপনে বিদেশফেরত লোকজনের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার পাশাপাশি জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, মাস্ক পরা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, অপ্রয়োজনে রাত ১০টার পর ঘর থেকে বের না হওয়া, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

‍এই সিদ্ধান্ত এখন থেকে সারা দেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১