বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২১

বগুড়ায় মন্দিরের মূর্তি ভাংচুর


বগুড়ায় মন্দিরে অগ্নিসংযোগ ও মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। জেলার ধুনট উপজেলার ট্যাংরাখালী গ্রামে মঙ্গলবার ভোরে রাধা-গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধুনটের ট্যাংরাখালী হালদার পাড়া গ্রামের একমাত্র মন্দির এটি। যেখানে সকল পূজাও হরি বাসর অনুষ্ঠিত হয়। মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবাতি ও পূজা করার জন্য সুমতি রানী নামের একজন সেবায়েত দায়িত্ব পালন করেন। তিনি প্রায়ই ওই মন্দিরে ঘুমাতেন। গত ১৬ ফেব্রুয়ারি স্বরস্বতী পূজা শেষে মন্দিরেই প্রতিমা রাখে। সেই প্রতীমার মাথা ভেঙ্গে এবং মন্দিরের কাপড়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করে দুর্বৃত্তরা।

সেবায়েত সুমতি রানী জানান, গতরাতে হরি সেবা করে বাড়িতে গিয়েছিলাম। ভোরে মন্দিরে ফিরি। মন্দিরে এসেই দেখি আমার থাকার কাপড়ে আগুন জ্বলছে। মন্দিরের বেড়া এবং কিছু কাপড় পুড়ে গেছে। সেই সাথে রাধা গোবিন্দের এক পাশে রাখা সরস্বতী প্রতিমার মাথা ভেঙে পড়ে আছে। একটা হাতও ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় ইউপি সদস্য বাবু জানান, রাতের বেলায় কে বা কারা মূর্তি ভেঙ্গে মন্দিরে আগুন দিয়েছে এবং মাটির বিভিন্ন জিনিষপত্র ভাংচুর করে। ঘরে কেউ ছিল না। পরে আমরা সকলে গিয়ে আগুন নিভিয়ে ফেলি।

ধুনট চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো জানান, মন্দিরে আগুনের ঘটনা শুনে সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। সকলের সাথে কথা বলেছি। কি কারণে ভাংচুরের ঘটনা ঘটেছে তা বলতে পারব না।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ভোরে ঘটনাটি ঘটেছে। এখনো এ বিষয়ে কিছু জানা যায়নি। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে দুপুর পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

তবে স্থানীয় একটি সূত্র বলেছে, ট্যাংরাখালী জলা নিয়ে দুটি গ্রুপের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১