বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২১

দৌলতদিয়ায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ


রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আঃ গনি মন্ডলকে (৬৫) গুলি করে হত্যার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। 

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে বেলা দেড়টা হতে বেলা ২টা পর্যন্ত শতশত বিক্ষুব্ধ জনতা এ অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ প্রকাশ করতে থাকে। তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় বিক্ষুব্ধ জনতার সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ।

এদিকে খবর পেয়ে একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল তায়াবীর। এসময় তিনি তার বক্তব্যে আঃ গনি মন্ডলের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার মতো একজন ভালো মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের বিষয়ে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করেন।

এরপর বেলা ২টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। তবে আগামী ২ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে আবারো মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন ভাইস চেয়ারম্যান। 

বুধবার রাত ১০ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে। সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গনি মন্ডল দৌলতদিয়া দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত  সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এ ছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক এবং  ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কার্যকরী কমিটির সদস্য।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১