বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২১

শিশু গৃহপরিচারিকাকে নির্যাতন করল প্রকৌশলী


বাগেরহাটে প্রকৌশলীর বিরুদ্ধে আফছানা আক্তার (৮) নামে এক শিশু গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। খোদ সরকারি বাসভবনে রেখে সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলীর রেখা খাতুনের এই শিশু নির্যাতনে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল হক শিশু আফছানাকে উদ্ধার করে বাগেরহাট সরকারি শিশু পরিবারে হস্তান্তর করেছেন। শিশুটি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নের মৃত আমজাদ হোসেনের মেয়ে।

নির্যাতনের শিকার আফছানা আক্তার জানান, তার মারা যাওয়ার পর মা অন্যত্র বিয়ে করেন। বাবা-মা না থাকায় সৎ ভাইয়ের সংসারে তাকে অনেক কষ্ট করে থাকতে হত। দেড় বছর আগে তাকে এক ভাবি এক হাজার টাকা বেতনে রেখা খাতুনের বাড়িতে ঝিয়ের কাজে দেয়। শিশুটি বলে, আমি কোনো কাজে একটু ভুল করলেই মারধর করত, ঠিকমত খাবার দিত না। আমার শরীর, ঘাড়ে, পায়ে আঘাতের চিহ্ন এবং ডান হাতে আগুনের ছ্যাকার চিহ্ন রয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রেখা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। সদর উপজেলার প্রকৌশলী জ্যোতির্ময় মোহান্ত বলেন, আমি ছুটিতে ছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি শুনেছি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল হক বলেন, স্থানীয়দের মাঝ থেকে শিশু আফছানার নির্যাতনের বিষয়টি শুনলে তাকে দ্রুত এনে সরকারি শিশু পরিবারে ভর্তি করি। শিশুটি ওখানে পড়াশুনার পাশাপাশি সকল ধরনের সুযোগ সুবিধা পাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১