আপডেট : ১৩ April ২০২১
লকডাউনের আগ মুহূর্তে মঙ্গলবার (১৩ এপ্রিল) ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। গাদাগাদি করে কার আগে কে টাকা তুলবেন তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েছেন গ্রাহকরা। আর ব্যাংক কর্মকর্তারা বলছেন, আমানতের পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলনসহ বিভিন্ন ভাতা তোলার চাপ বেড়েছে। সীমিত সময়ে গ্রাহকের বাড়তি চাপে ভেঙে পড়ছে স্বাস্থ্যবিধি ব্যবস্থা। সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মীরাও। রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা, পল্টনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ব্যাংকের শাখায় ভিড় করেছেন বিপুল পরিমাণ গ্রাহক। ব্যাংকাররা বলছেন, সাত দিন বন্ধের খবরে আজ স্বাভাবিক দিনের তুলনায় গ্রাহকের চাপ অনেক বেশি। তবে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলন বেশি করছেন গ্রাহকরা। বুধবার থেকে কঠোর লকডাউনে যাবে পুরোদেশ। তার আগে মতিঝিলের ব্যাংকপাড়ায় গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কার আগে কে সারবেন প্রয়োজনীয় লেনদেন সেই প্রতিযোগিতায় উধাও স্বাস্থ্যবিধি। লকডাউন ও রমজানের কেনাকাটায় যাতে আর্থিক সংকটে পড়তে না হয় সেজন্য কেউ এসেছেন সঞ্চয়পত্রের সুদের টাকা তুলতে। কেউবা তুলছেন জমানো পুঁজি। ব্যাংক কর্মকর্তারা জানান, বর্তমানে টাকা জমা দেয়ার চেয়ে উত্তোলনের চাপ বেশি। বিদ্যমান পরিস্থিতিতে ঈদকেন্দ্রিক লেনদেনের সাথে তুলনা করছেন তারা। সোনালি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (স্থানীয় কার্যালয়) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঈদের চেয়েও বেশি মানুষ এসেছেন টাকা তুলতে। কারণ গ্রাহকরা মনে করছেন হয়ত সামনে বড় ধরনের লকডাউন আসতে পারে। সেই হিসেবে তারা প্রস্তুতি নিয়ে রাখছেন। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সময় জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া বন্ধ থাকবে সবকিছু। এই সাত দিন বন্ধ থাকবে ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান। এ অবস্থায় বন্ধের আগের দিন মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১