বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২১

৮টি বিশেষ পার্শ্বেল ট্রেন চলবে কাল থেকে : রেলপথ মন্ত্রী


রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, করোনাকালীন সকল ধরণের পণ্যবাহী ট্রেন চলাচলের পাশাপাশি কৃষিজাত পণ্য পরিবহনের সুবিধার্থে আগামীকাল থেকে ৮টি বিশেষ পার্শ্বেল ট্রেন চলবে।

তিনি বলেন, করোনার মধ্যে জীবন এবং জীবিকা চালু রাখতে হবে। লকডাউনে কৃষক যাতে কৃষি পণ্য সহজে পরিবহণ করতে পারে সে জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ পার্শ্বেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে অতীতে বিভিন্ন সময় ম্যাংগো স্পেশাল ট্রেন, ক্যাটল ট্রেনসহ পার্শ্বেল ট্রেন পরিচালনা করেছে। রেলওয়ে বর্তমানে তেল, সারসহ অন্যান্য মালামাল পরিবহন করছে। কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে আগামী কাল থেকেই আটটি পার্শ্বেল ট্রেন চলাচল করবে।

তিনি আজ রেলভবনে রেলওয়ের করোনাকালে পণ্যপরিবহন বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ঢাকা-সিলেট রুটে পণ্যবাহী ট্রেন ঢাকা থেকে ছাড়বে বিকেল সাড়ে ৩টায় এবং সিলেট পৌঁছাবে রাত আড়াইটায়। আবার সিলেট থেকে একটি ট্রেন ছাড়বে সকাল পৌনে ৭টায় এবং ঢাকা পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৬টায়। চট্টগ্রাম-সরিষাবাড়ী রুটে চট্টগ্রাম থেকে ছাড়বে বিকেল ৩টায় এবং সরিষাবাড়ী পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়। সরিষাবাড়ী থেকে একটি ট্রেন ছাড়বে ভোর সাড়ে ৫টায় এবং চট্টগ্রাম পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এছাড়াও সপ্তাহে শনি, সোম, ও বুধবার (খুলনা-চিলাহাটি)- খুলনা থেকে ছাড়বে বিকেল সাড়ে ৩টায়, চিলাহাটি পৌঁছাবে ভোর আড়াইটায়। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ‘চিলাহাটি-খুলনা’ রুটে চিলাহাটি থেকে ছাড়বে বিকেল সাড়ে ৩টায়, খুলনা পৌছাবে ভোর আড়াইটায়। সপ্তাহে শনিবার, সোমবার, বুধবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম থেকে ঢাকা রুটে ১টি ট্রেন চলবে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছাড়বে দুপুর ১টায়, ঢাকা পৌঁছাবে ভোর ৩টায়। সপ্তাহে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ‘ঢাকা – বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম’ রুটে ১টি পার্শ্বেল ট্রেন চলবে। ঢাকা থেকে ছাড়বে সকাল ৬ টায়, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৮ টায়।

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সরিষাবাড়ী ও চট্টগ্রাম-সিলেটের মধ্যে পরিবাহিত পার্শ্বেল মালামাল ভৈরববাজার ও আখাউড়া স্টেশনে ল্যাগেজ ভ্যান সংযোজন/বিয়োজনের মাধ্যমে গন্তব্যে প্রেরণ করা হবে। খুলনা-ঢাকা রুটের মালামাল পরিবাহিত লাগেজ ভ্যান ঈশ্বরদী স্টেশনে বিয়োজন করত: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনে সংযোজন/বিয়োজন করা হবে।

বিশেষ পার্শ্বেল ট্রেনে কৃষিজাত পণ্য যেমন, শাক-সবজী, দেশীয় ফলমূলসহ অন্যান্য কৃষি পণ্যাদি পরিবহনের ক্ষেত্রে মূল ভাড়ার উপর ২৫ শতাংশ রেয়তী ও অন্যান্য সকল প্রকার চার্জ রহিত থাকবে বলে জানানো হয়।

ব্রিফিংকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার,অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সরদার শাহাদত আলী উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১