বাংলাদেশের খবর

আপডেট : ১৪ April ২০২১

সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে চাঁদপুরে রাস্তায় রাস্তায় চেক পোস্ট


করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার ভোর থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়েছে। চাঁদপুরসহ দেশের সর্বত্র বুধবার ভোর থেকে 'কঠোর লকডাউন' কার্যকর করার জন্য পুলিশ তৎপর রয়েছে। ভোর সাড়ে ৭টার দেখা গেছে, চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চেক পোস্ট বসিয়েছে। চলছে তল্লাশি।

চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। একেবারেই গুরুত্বপূর্ণ ছাড়া কাউকে রাস্তায় চলতে দেয়া হচ্ছে না। ব্যক্তিগত গাড়ী রাস্তায় নেই বললেই চলে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

বহু সড়কে ব্যারিকেড বসিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেসব রাস্তায় জরুরি সেবা সংস্থার যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চলতে পারছে না।

সরকারের তরফ থেকে এটিকে 'কঠোর লকডাউন' হিসেবে বর্ণনা করা হলেও গার্মেন্টসসহ শিল্পকারখানা এবং ব্যাংক খোলা রয়েছে।

এ দফায় 'কঠোর লকডাউন' কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা নিতে যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এর আগে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয়া হলেও সেটি মোটেও কার্যকর হয়নি।

পুলিশের তরফ থেকে ইতোমধ্যে বলা হয়েছে, বুধবার থেকে ‘কঠোর লকডাউন’ কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এজন্য 'মুভমেন্ট পাস' ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেওয়া হবে না বলে পুলিশ জানিয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদের সাথে কথা হয় হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোড চৌরাস্তা। তিনি সেখানে তার ফোর্স নিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে কোন যানবাহন আসলে ফিরিয়ে দিচ্ছেন।

তিনি জানান, কঠোরভাবে লকডাউন পালনা করা হচ্ছে। মানুষকে বাঁচাতে হবে, আমরা নিজেরাও বাঁচতে হবে। সেই লক্ষে পুলিশ প্রশাসন লকডাউন পালনে কঠোরতা অবলম্বন করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সার্কেল) হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সোহেল মাহমুদ জানান, পুলিশ লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে। কোন ভাবেই রাস্তায় বিনা প্রয়োজনে বের হওয়া যাবেনা। ঘরে থাকুন, সুস্থ্য থাকুন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১