আপডেট : ১৯ April ২০২১
টাঙ্গাইলের সখীপুরে জেলবন্দিদের নিয়ে ফেসবুকে ট্রল করার কিছু সময় পরই চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হলেন শামসুল আলম (৬৫) ও তার ছেলে সরোয়ার আলম (৩৫)। রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নলুয়া বাজার এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া সরোয়ার আলম উপজেলার বিকে কলেজের প্রভাষক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বহুরিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তবে পুলিশ জানিয়েছে, ফেসবুকে ট্রল করার সঙ্গে তাদের গ্রেপ্তার হওয়ার কোনো যোগসাজশ নেই। ভিন্ন একটি মামলায় তাদের ধরা হয়েছে।
মামলার বিবরণ ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার রাতে চতলবাইদ গ্রামের শামীম আল মামুন বাদী হয়ে তার সহোদর ভাই শামসুল আলম ও ভাতিজা সরোয়ার আলমের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ এনে মামলা করেন। ওই মামলায় রাতেই পুলিশ শামসুল আলম ও তার ছেলে সরোয়ার আলমকে গ্রেপ্তার করে।
এদিকে গ্রেপ্তার হওয়ার আগে রবিবার বিকেলে সরোয়ার আলমের শেষ ফেসবুক স্ট্যাটাস ছিল- "রমজানে- শয়তান বন্দি হয়ে কারাগারে থাকবে।এটা স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে দয়া করে কেউ রাজনীতি কইরেন না প্লিজ!"
গ্রেপ্তার হওয়ার পর এই স্ট্যাটাসটি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে আলোচনা- সমালোচনা।
বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্ভবত ওই স্ট্যাটাসটি সম্প্রতি গ্রেপ্তার হওয়া হেফাজত ইসলাম নেতা মামুনুল হককে নিয়ে করেছিলেন। কাকতালীয় হলেও সত্য আজকে তিনি নিজেই জেলবন্দী হলেন। তারা আফসোস করে আরও বলেন, ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায়, তা কেউ জানে না।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান বলেন, চাঁদাবাজি মামলায় বাপ-ছেলেকে গ্রেপ্তার করে সোমবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১