আপডেট : ২৮ April ২০২১
সিলেটে বালুমহাল লুটপাট ও নৌপথে চাঁদাবাজি বন্ধে হার্ডলাইনে কাজ শুরু করেছে নৌ পুলিশ। সিলেটের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চলতি মাসেই ৭টি অভিযান পরিচালনা করে সফল হয় নৌ পুলিশ। অভিযানে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি ও বালু জব্দ করা হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজন বালুখেকোকে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটা অংকের জরিমানা করা হয়েছে অনেককে। এসব অভিযানের পর বালুমহাল লুটপাট ও নৌপথে চাঁদাবাজি অনেকটা কমে আসছে বলে জানিয়েছেন নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমিন। সিলেটের চার জেলা নিয়ে নৌ পুলিশ সিলেট অঞ্চল। এই চার জেলার নদীগুলো বালুর আধার। সিলেট বিভাগের বিভিন্ন নদী থেকে উত্তোলিত বালু সরবরাহ করা হয় সারা দেশে। এসব নদীর স্থানে স্থানে রয়েছে বালুমহাল। এর মধ্যে কিছু বালুমহাল প্রতিবছর প্রশাসন থেকে ইজারা দেয়া হয়। বাকিগুলোতে লুটপাট চালান বালুখেকোরা। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তারা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নদী পথে পরিবহন করে নিয়ে যান বিভিন্ন স্থানে। বালু পরিবহনকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজিও চলে নৌপথে। এই লুটপাট ও চাঁদাবাজি বন্ধে হার্ডলাইনে অভিযানে নামে নৌ পুলিশ। অভিযানের অংশ হিসেবে গত রোববার সিলেটের টুকেরবাজার নৌ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে সুনামগঞ্জের ধোপাজান নদী থেকে বালু বোঝাই ১২টি স্টিলবডি নৌকা জব্দ করেন। অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের দায়ে আটক করা হয় ১২ জনকে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক ১২ জনের কাছ থেকে আদায় করা হয় ৬ লাখ টাকা। এছাড়া জব্দকৃত বালু নিলামে ২ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। এর আগের দিন শনিবার ছাতকের হাদাটিলা সংলগ্ন নদী থেকে বালু উত্তোলনের সময় নৌকাসহ দুইজনকে গ্রেফতার করে নৌ পুলিশ। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামী করা হয়। ২০ এপ্রিল সুনামগঞ্জের ধোপাজান নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪টি স্টিলের নৌকা ও উত্তোলিত বালু জব্দ করা হয়। এ ঘটনায় ৫ জনকে আসামীি করে থানায় মামলা হয়েছে। জব্দকৃত বালু পরে চার লক্ষাধিক টাকায় বিক্রি করা হয়। ১৯ এপ্রিল ধোপাজান নদী থেকে বালুবোঝাই ১টি কার্গো ও ১টি বাল্কহেড জব্দ করা হয়। কার্গো ও বাল্কহেডের দাম প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে। পরে জব্দকৃত বালু প্রায় ৪ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়। এ ঘটনায় থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া গত ১৮ ও ৭ এপ্রিল অভিযান চালিয়ে আরও ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমিন জানান, নৌপথে চাঁদাবাজি ও বালুমহাল লুটপাটে নৌপুলিশ কাজ করে যাচ্ছে। যেখানেই অবৈধভাবে বালু উত্তোলন বা চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানেই তাৎক্ষণিক অভিযান হচ্ছে। এতে বালুখেকোর গ্রেফতার হচ্ছে এবং তাদের নৌকা ও উত্তোলিত বালু জব্দ হচ্ছে। নৌ পুলিশ হার্ডলাইনে অভিযান শুরু করায় নৌপথে চাঁদাবাজি ও বালুমহাল লুটপাট অনেকটা কমে এসেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১