আপডেট : ৩০ April ২০২১
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৩ মে থেকে খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংলাপে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন এ কথা জানান। শিক্ষা সচিব বলেন, দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিল, তা এখনো বহাল রয়েছে। এটি বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্টের কাজও দেওয়া হচ্ছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২০২২ অর্থ বছরে করোনায় বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিৎ’ শীর্ষক সংলাপে মাহবুব হোসেন জানান, করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরের জাতীয় বাজেটে শিক্ষার বরাদ্দ বাড়ানো হবে। বাজেটে শিক্ষাখাতকে অধিক গুরুত্ব দিয়ে দেখা হবে-অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। গত ২৫ মার্চ করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির বৈঠক শেষে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে অনলাইন শিক্ষাকার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিলেও পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত আর খোলা হয়নি। সবশেষ ঘোষণা অনুযায়ী, ঈদের পরে আগামী ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এটি সামাল দিতে সরকার সারা দেশে বিধিনিষেধের নামে এক প্রকার লকডাউন দিয়ে আসছে গত ৫ এপ্রিল থেকে। যা আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর এ বিধিনিষেধ আরো বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১