বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০২১

প্রধানমন্ত্রী উন্নয়নে সবাইকে অংশীদার করেছেন : নৌপরিবহন প্রতিমন্ত্রী


নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যাকে যে দায়িত্ব দেয়া প্রয়োজন তাকে সে দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সবাইকে অংশীদার করেছেন।

তিনি বলেন, ‘শুধু করোনা মোকাবেলা নয়; আর্ত মানবতার সেবা ও উন্নয়নের ক্ষেত্রে যাকে যেখানে দায়িত্ব দিলে দেশ এগিয়ে যাবে; তাকে সেখানে সে দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। উন্নয়নের ক্ষেত্রে তিনি একটা ইউনাইটেড বাংলাদেশ তৈরি করেছেন।’

খালিদ মাহমুদ চৌধুরী আজ রোববার দিনাজপুরের বিরলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে কাজ করছেন। সেনাবাহিনী মানেই ব্যারাকে থাকবে, যুদ্ধের প্রস্তুতিত নিবে এমন না; প্রধানমন্ত্রী তাদেরকেও উন্নয়নের কাজে লাগাচ্ছেন। উন্নয়নে সবাই অংশীদার হবে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবার ব্যাংক আছে, কল্যাণ সংস্থা আছে। এতে উন্নয়ন গতিশীল হচ্ছে। উন্নয়নটাতো বাংলাদেশের মূল উন্নয়নের সঙ্গে যুক্ত হচ্ছে।

তিনি বলেন, সরকারি কর্মকর্তারা করোনার সময়ে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। সরকারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা করোনায় জীবন দিয়েছেন। তাদের শ্রেষ্ঠ সন্তান ঘোষণা দেয়া উচিত।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের একটা রাজনৈতিক এজেন্ডা আছে। দেশের উন্নয়ন ও জনগণের মান উন্নয়নে এ ইশতেহার দেয়া হয়েছে। এ ইশতেহার বাস্তবায়ন হচ্ছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

এ সময়ে প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকার এ উপজেলার অ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সেবা, করোনা চিকিৎসার খোঁজ খবর নে ও দিক নির্দেশনা দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলমান রাখার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু এবং পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১