বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২১

রূপগঞ্জে ভুয়া আবাসন কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ, মানববন্ধন


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুঁইফোঁড় আবাসন কোম্পানি ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেডের বিরুদ্ধে বিক্ষোভ সভা ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ইউনিয়ন পরিষদ মাঠে তারা এ কর্মসূচি পালন করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ভুয়া আবাসন কোম্পানি ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজায় মাত্র ৩/৪ বিঘা জমি কিনে নিরীহ কৃষকদের প্রায় ৫০০ বিঘা জমি জোর করে দখলে নিয়ে বালু ভরাট কার্যক্রম শুরু করে। এতে এলাকাবাসী বাধা দিলে তাদের মামলা ও হামলা দিয়ে হয়রানি করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বদিউজ্জামান মিঠু, পরিচালক মোস্তাফিজুর রহমান ও গফুর আজাদ এই জবরদখলের সাথে জড়িত। এ কারণে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে গতকাল সোমবার বিকেল ৩টায় কায়েতপাড়া ইউনিয়ন কাউন্সিল মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম,  অ্যাডভোকেট আব্দুল আউয়াল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজীব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, আলতাফ হোসেন, আলী আজগর, মোজাম্মেল হক মিলনসহ কায়েতপাড়ার হাজার হাজার নারী-পুরুষ। এ সময় তারা বলেন, যদি কৃষকদের ন্যায্যমূল্য না দিয়ে জমি জবরদখল করে এই ভুয়া প্রতিষ্ঠান কায়েতপাড়ার মাটিতে পা রাখে তাহলে এলাকাবাসী ওই জমি দখলকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করবেন।

বক্তব্যে কায়েতপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মেম্বার বলেন, অবৈধ আবাসন ওয়েলকেয়ার কোম্পানি সাধারণ মানুষের জমি না কিনেই ভিটেবাড়ি দখল করে সাইনবোর্ড লাগিয়ে দেয়।

উপজেলা যুবলীগের সাংগঠনিক মোজাম্মেল হক মিলন বলেন, পুলিশ হাউসিং ও সেনাবাহিনীর আবাসন প্রকল্প জনগণকে ন্যায্য পাওনা দিয়ে জমি কিনছে। তাদের প্রতি সাধারণ মানুষের কোনো ক্ষোভ নেই। ওয়েলকেয়ার একটি বাটপাড় কোম্পানি, তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল বলেন, ওয়েলকেয়ার কোম্পানি সাধারণ মানুষের দুই বিঘা জমিও কেনেনি। কিন্তু ভাড়ায় সাইনবোর্ড লাগিয়ে কয়েক হাজার প্লট বিভিন্ন লোকের কাছে বিক্রি করছে। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। 

এলাকাবাসী রত্না আক্তার জানান, ওয়েলকেয়ারের প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের নিয়োজিত সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারণ মানুষের বাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করছে।

স্থানীয় বাসিন্দা কুলসুম আক্তার বলেন, ওয়েলকেয়ার আবাসন প্রকল্পকে রূপগঞ্জ থেকে প্রত্যাহার চাই। ওয়েলকেয়ার কোম্পানির অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মিয়া বলেন, ওয়েলকেয়ার আবাসন প্রকল্পের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। জমি না কিনেই তারা মানুষের জমিতে সাইনবোর্ড লাগিয়ে জোর করে দখল করে রেখেছে। এ ছাড়া এ আবাসন কোম্পানিটি মানুষের জমি না কিনে ভাড়ায় নিয়ে তাদের জমিতে সাইনবোর্ড লাগিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মানুষকে নিয়ে এসে প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি হাতিয়ে নিচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১