আপডেট : ১৬ May ২০২১
কক্সবাজারের উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ভেতরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শওকত হোসেন (৪৫) নামে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ওয়েস্ট-২ ডি ব্লকের বাসিন্দা আশরাফ আলীর ছেলে এবং ওই ক্যাম্পের দলনেতার (হেড মাঝি) দায়িত্বে ছিলেন। গতকাল শনিবার বিকেলে উখিয়া লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ওয়েস্ট-২ ডি ব্লকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক। পুলিশের দাবি, রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে মাঝি শওকত হোসেন মারা যান। স্থানীয়দের ধারণা রোহিঙ্গা সন্ত্রাসীরাই তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এপিবিএন অধিনায়ক নাঈমুল হক বলেন, শনিবার বিকেলে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প বাজারে একটি কাপড়ের দোকানের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে অস্ত্রধারী কয়েকজন মোহাম্মদ শওকত হোসেনকে পেছন থেকে কয়েকটি গুলি করেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে ‘ডাকাত’ দলের সদস্যরা এলোপাতাড়ি আরও কয়েকটি গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় শওকত হোসেনকে তাৎক্ষণিক উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত চিকিৎসা কেন্দ্রে নেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১