বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০২১

দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ


মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রী, গাড়ির চাপ নেই। তবে মাদারীপুর জেলার বাংলাবাজার ঘাট হতে যাত্রী ও গাড়ি বোঝাই ফেরি শিমুলিয়া ঘাটে এসে ভিড়ছে। আজ মঙ্গলবার (১৮ মে) সকাল হতে ওপার হতে একের পর এক গাড়ি ও যাত্রী বোঝাই ফেরি ছেড়ে আসলেও এপারে শিমুলিয়া ঘাটে কোন যাত্রী ও গাড়ির চাপ নেই।

তবে বিগত কয়েকদিনের ন্যায় আজও ঢাকামুখী যাত্রীদের গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে এসে ঢাকাসহ গন্তব্যে ফিরতে পোহাতে হচ্ছে বিড়ম্বনা। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। গণপরিবহন বন্ধে ঘাটে এসে গন্তব্যে পৌঁছাতে অধিকাংশ যাত্রীর ভরসা এখোন সিএনজি। কিন্তু এ সুযোগে এই তিন চাকার যানটি দুই-তিনগুণ বেশি ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। শিমুলিয়ার তিনটি ফেরি ঘাটের সামনে সারি সারি করে রাখা সিএনজি গুলো দাড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। যাত্রীর চাপ বেশি থাকায় প্রায় প্রতিটি সিএনজি ৫/৬ জন যাত্রীও নিতে দেখা যায়। স্বাস্থ্যবিধি একবারেই তোয়াক্কা করছেনা এসব পরিবহনগুলো।

এসব সিএনজিগুলো অন্য সময় শিমুলিয়া ঘাট থেকে জনপ্রতি ঢাকার পোস্তগোলা, নয়াবাজার, নারায়ণগঞ্জ ১৫০ টাকা, সায়েদাবাদ ১৫০-১৭০ টাকা, মোহাম্মদপুর ৩০০ টাকা, মুন্সিগঞ্জ সদর মুক্তারপুর ১০০ টাকা ভাড়ায় নিয়মিত যাতায়াত করা হয়। তবে বর্তমানে প্রতিটি রুটেই দুই-তিনগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

বর্তমানে শিমুুলিয়া ঘাট থেকে পোস্তগোলা ও নয়াবাজার ৩০০ টাকা, সায়েদাবাদ ৩৫০/৪০০ টাকা, মোহাম্মদপুর ৫০০/৬০০ টাকা, মুন্সিগঞ্জ সদর, মুক্তারপুর ২০০ টাকা ও নারায়ণগঞ্জ ৩০০/৪০০ টাকা দিয়ে যেতে হচ্ছে যাত্রীদের।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, ঘাটে এখোন ১৮টি ফেরি চলছে। ওপর হতে যাত্রীরা ফেরিতে চড়ে আসছে। শিমুলিয়া ঘাটে যাত্রী গাড়ি কোনটারই চাপ নেই। তবে ওপারে কিছুটা চাপ রয়েছে। ওপার হতে গাড়ি ও যাত্রী নিয়ে আসছে একের পর এক ফেরি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১