আপডেট : ০২ June ২০২১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির ছেলে ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। অসুস্থ শিক্ষার্থী রিয়াদ আহমেদ ইমন চবির প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী গ্রামে। বুধবার সকালে ইমনের চিকিৎসা সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট করেন মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম শাকিল। এই পোস্টের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অসুস্থ রিয়াদের চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা জানান শিল্পমন্ত্রীর ছেলে সাদী। চবির শিক্ষার্থী ইমন দীর্ঘদিন ধরে রেকটাল প্রোল্যাপস ও থার্ড ডিগ্রি হিমোরয়েড রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তার বাবা মারা যাওয়ায় অসুস্থ মায়ের পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে। সহপাঠীদের সামান্য সহযোগিতার পর মন্ত্রীপুত্রের সহায়তার মাধ্যমে আগামী ৫ জুন ধানমন্ডির ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার করানো হবে। অসুস্থ চবি শিক্ষার্থী রিয়াদ আহমেদ ইমন বলেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে, আমার এ বিপদাপন্ন সময়ে সাদী ভাই পাশে দাঁড়াচ্ছেন। পারিবারিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসার কূল-কিনারা না পেয়ে আমার মা দিশেহারা অবস্থায় ছিলেন। শিল্পমন্ত্রীর ছেলে ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী বলেন, আমার বাবা মনোহরদী ও বেলাবোর আপামর জনসাধারণের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তারই পথ ধরে আমি দলমত-নির্বিশেষে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। করোনায় আমরা অসহায় ও দুস্থ মানুষদের পাশে আমাদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। পিতৃহীন হওয়ায় টাকার অভাবে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চিকিৎসা বিঘ্নিত হতে পারে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১