বাংলাদেশের খবর

আপডেট : ০৪ June ২০২১

দুই মাসের ব্যবধানে ফের জেব্রা শাবকের জন্ম


মহামারি করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ চলছে দেশে। মানুষের জনসমাগম বন্ধের লক্ষ্যে বন বিভাগের নিয়ন্ত্রণে সকল বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করে বন বিভাগ কর্তৃপক্ষ। সেই থেকে গাজীপুর সাফারি পার্ক বন্ধ রয়েছে। তবে এ করোনাকালীন বন্ধের মধ্যে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পালে দুই মাসের ব্যবধানে ফের একটি শাবক জন্ম নিল। দুই দিন আগে শাবকের জন্ম হলেও আজ প্রকাশ করে পার্ক কর্তৃপক্ষ। এ নিয়ে জেব্রা দলের সদস্য দাঁড়ালো ২৭টিতে । গত বছরের করোনাকালীন সময়ে পার্কের বেশ কিছু প্রাণি বাচ্চার জন্ম দিয়েছিল। তবে এ শাবকটির লিঙ্গ নির্ণয় করা যায়নি। এখন জেব্রার দলে ১৩ টি নারী ও ১৩ টি পুরুষ জেব্রার বিশাল পাল ঘুরে বেড়ায় পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে।

পার্ক কতৃর্পক্ষ জানান, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্ত বসবাস করে জেব্রাসহ অন্যান্য  বিদেশী প্রাণি। পার্কের কোর সাফারির একটি অংশে আফ্রিকান সাফারি জোন রয়েছে। এখানে হরিণ,জিরাফ,অরিক্স,গ্যাজেল,ওয়াইল্ডবিস্ট,কমন ইল্যান্ড একত্রে  উন্মুক্ত  পরিবেশে বিচরণ করে। পার্কের নিজস্ব নিয়মে এদের খাবার দেওয়া হয় । পার্কে এ জেব্রা শাবকসহ মোট ২৭ টি জেব্রার পাল হলো ।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান,  মা জেব্রা একটি বাচ্চার জন্ম দিয়ে থাকে। জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকালীন সময় পার করে। গড় আয়ু বিশ বছর। পুরুষ জেব্রা চার বছরে ও নারী জেব্রা তিন বছরে প্রাপ্তবয়ষ্ক হয়। তিনি বলেন, শাবকের লিঙ্গ জানা যায়নি। মা জেব্রা ও শাবকটি সুস্থ্য রয়েছে। সময় করে করে শাবক মায়ের দুধ পান করছে।

অপর ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রারা দল বেঁধে বসবাস করে। এরা দলবদ্ধ গোত্রের তৃণভোজী প্রাণী। ওদের দলে কোনো শাবকের জন্ম হলে অন্য সদস্যরা আলাদা নজর রাখে শাবকের ওপর। সবাই মিলে বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করে। আফ্রিকান সাবানা অঞ্চলে এদের অবাধ বিচরণ। যেখানে গাঢ সবুজ ঘাস রয়েছে মাঠের পরে মাঠ । মাঝে মাঝে থাকে উঁচু গাছপালা। আফ্রিকা থেকেই সাফারি পার্কে আনা হয়েছে জেব্রাগুলো। উপযুক্ত পরিবেশ পেয়ে জেব্রাসহ অন্যান্য প্রাণীরা নিয়মিত বাচ্ছার জন্ম দিচ্ছে এ সাফারি পার্কে। 

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান জানান,করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষের নির্দেশে সাফারি পার্ক বন্ধ রাখা হয়েছে। আমাদের নজরে আসে জেব্রাপালে আরো একটি শাবকের জন্ম হওয়া । শাবকটি মায়ের দুধ পান করছে সময় সময় নিজের মতো। পালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাবকটি। সুস্থ সবল রয়েছে মা জেব্রা ও শাবকটি।

তিনি বলেন, আরো বেশ কিছু প্রাণী গর্ভবতী রয়েছে। তিনি বলেন পার্ক বন্ধ থাকায় প্রাণীরা একটু বেশি ফুরফুরে মেজাজে রয়েছে। আশা করছি আরো কিছু প্রাণীর বাচ্চার খবর পাব এ বছরেই। যা পার্কের সৌন্দর্য বাড়িয়ে দিবে। পার্ক খোলা হলে পার্কে বেড়াতে আসা দর্শনাথীর্দের ব্যতিক্রমি আনন্দ দিবে জন্ম নেওয়া শাবকগুলো।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১