বাংলাদেশের খবর

আপডেট : ০৪ June ২০২১

লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে নারীকে পিটিয়ে হত্যা


লালমনিরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে খোদেজা বেগম (৪৮) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে কোহিনুর বেগম (২৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক নামক  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের সোলায়মান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কলহের জের ধরে চাচা সোলায়মান আলী (৫৮) ও  ভাতিজা জাহাঙ্গীর আলম মুন্নার (৩৫) মধ্যে বাকবিন্ডার ঘটনা ঘটে। এ সময় চাচী খোদেজা বেগম এগিয়ে এলে উত্তেজিত হয়ে ভাতিজা মুন্না লাঠি দিয়ে এলোমাতারি পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই খোদেজা মারা যায়। মুন্না সোলায়মান আলীর ছোট ভাই সামসুল হকের ছেলে ও আটক কোহিনুর বেগমের স্বামী।

এ ব্যাপারে হারাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে কোহিনুর বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। অন্যারা সবাই পলাতক রয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১